এবার শিক্ষকের নিষ্ঠুরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক দম্পতির বাসায় কাজ করত আট বছর বয়সী সালমা খাতুন। গতকাল সোমবার সকালে ওই দম্পতির চার বছর বয়সী মেয়েকে বিদ্যালয়ের জন্য প্রস্তুত করছিল সালমা। তবে সে কিছুটা দেরি করে ফেলে। এতে ক্ষুব্ধ হন গৃহকর্তা ও কুষ্টিয়া সরকারি গার্লস কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ফিরোজুর রহমান। ফিরোজুর শিশু সালমাকে মেঝেতে ফেলে এলোপাতাড়ি লাথি, কিল ও ঘুষি মারেন। পরে বেত এনে সালমার পিঠে ও হাতে উপর্যুপরি আঘাত করেন।এ নির্যাতন সইতে না পেরে চিৎকার দেয় সালমা। টের পেয়ে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত সালমাকে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার করে ফিরোজুরকে। গতকাল সকাল সোয়া আটটা থেকে ১০টার মধ্যে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে ঢাকার মোহাম্মদপুরে মো. সুজন নামের (১৫) এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশ গতকাল সকালে গৃহকর্ত্রী জান্নাত আরা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে।প্রভাষক ফিরোজুরের স্ত্রী ফারজানা শারমিন কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষিকা। এক বছর ধরে তাঁরা জেলখানা মোড় এলাকায় খন্দকার রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। সালমার বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার বেতনিয়া গ্রামে। তাদের বাড়ির পাশে গৃহকর্ত্রী ফারজানার বাবার বাড়ি। এক বছর আগে সালমাকে কুষ্টিয়ায় নিয়ে আসেন ফারজানা।প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশু সালমা। ‘আঙ্কেলের (ফিরোজুর রহমান) চার বছরের মেয়েকে স্কুলের জন্য তৈরি করছিলাম। দেরি হওয়ায় আঙ্কেল মাটিতে শুইয়ে লাথি, কিল, ঘুষি; তারপর বেত দিয়ে অনেক মেরেছে। আমার সারা দেহে ব্যথা। হাত জ্বলে যাচ্ছে। আমি মার কাছে যাব।’ বলেই আবার আঁতকে ওঠে সালমা। বেতের আঘাতে তার পিঠে রক্ত জমাট বেঁধে দাগ হয়ে গেছে। ডান হাতের কনুইতেও ছিল আঘাতের চিহ্ন।সকালে সালমাকে উদ্ধারের পর উত্তেজিত এলাকাবাসী পুলিশের সামনেই ফিরোজুরকে মারধর করতে উদ্যত হয়। পুলিশ ফিরোজুরকে দ্রুত থানায় নিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সালমাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।সালমার ওপর এমন অমানবিক নির্যাতনের বিষয়টি বাড়ির মালিক ও প্রতিবেশীরাও জানতেন। বাড়ির মালিক শিউলী বেগম বলেন, ‘মাঝেমধ্যেই সালমার ওপর নির্যাতন করা হতো। কারণ জানতে চাইলে কিছু হয়নি বলে আমাদের জানানো হতো। কিছুদিন আগে সালমার ওপর চরম নির্যাতন চালানো হলে ওই শিক্ষক দম্পতিকে বাড়ি ছাড়তে বলি। কিন্তু শিক্ষক ফিরোজুর আমার কাছে সালমাকে পাঠিয়ে বাড়িতে থাকতে দেওয়ার অনুরোধ করে।’গতকাল পুলিশের গাড়িতে ফিরোজুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমার মেয়েকে স্কুলে পাঠানোর জন্য সালমাকে তৈরি করে দিতে বলা হয়। কিন্তু সে তা না করে বারান্দায় খেলছিল। এ জন্য বেত দিয়ে একটা মেরেছি। তবে এখন আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দিন। জীবনে আর এমন কাজ করব না।’ফিরোজুরের স্ত্রী ফারজানা শারমিন সালমাকে এর আগে নির্যাতনের ঘটনা অস্বীকার করেন। কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বাদী হয়ে শিক্ষক ফিরোজুর ও তাঁর স্ত্রী ফারজানাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঢাকায় গৃহকর্ত্রী গ্রেপ্তার: মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, গত রোববার সকালে মো. খোকন মিয়া নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেন, তাঁর ছেলে মো. সুজন (১৫) পাঁচ বছর ধরে তাজমহল রোডের সি ব্লকের ৮/১৬ বাড়ির তৃতীয় তলার বাসায় কাজ করছে। সুজন মাঝেমধ্যে ময়মনসিংহ সদর উপজেলার চরকালী বাড়ি গ্রামের বাড়ি যেতে চাইলে ওই বাসার গৃহকর্ত্রী জান্নাত আরা বেগম ওকে মারধর করে বাসায় আটকে রাখতেন। তিনি প্রায়ই সুজনকে বেলন, লাঠি প্রভৃতি দিয়ে পেটাতেন। এমনকি তার মাসিক বেতনও দেওয়া হতো না।এসআই জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ গতকাল ভোর ছয়টার দিকে ওই বাসায় গেলে সুজন তার ওপর নির্যাতনের কথা পুলিশের কাছে তুলে ধরে। তার শরীর, গলা ও হাতের আঙুলে মারধর ও কাটার চিহ্ন পাওয়া যায়। পরে পুলিশ গৃহকর্ত্রী জান্নাত আরা বেগমকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। গৃহকর্ত্রীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।