এবার শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মনিরুজ্জামান ওরফে মিন্টুর হাতে জখম হওয়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুন্দর আলী গাজীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুন্দর আলী এ অভিযোগ করেন।
সুন্দর আলী বলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামানের প্ররোচনায় তাঁর সহযোগী নুরু মিয়া ১৯ আগস্ট আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁকে প্রধান আসামি করে ২৪ জনের নামে একটি হত্যাচেষ্টার মামলা করেন। আরজিতে তাঁকে (সুন্দর আলী) প্রধান হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় উল্লেখ করা হয়েছে ১৮ আগস্ট সকাল আটটা। অথচ ওই সময় তিনি পুলিশি নিরাপত্তায় তাঁর তালতলী বন্দরের বাড়িতে ছিলেন।
সুন্দর আলী বলেন, মনিরুজ্জামান তাঁর লোকজন দিয়ে তাঁকে (সুন্দর আলী) মুঠোফোনে হত্যার হুমকি দিচ্ছেন। হুমকির অডিও ধারণ করে তিনি তালতলী থানার ওসিকে দিয়েছেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।
তালতলী থানার ওসি বাবুল আকতার গতকাল দুপুরে বলেন, ‘ওই শিক্ষকের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছি আমরা।’
সুন্দর আলী বলেন, মনিরুজ্জামান তাঁর (সুন্দর আলী) ও আরও কয়েকজনের জমি দখলে ব্যর্থ হয়ে তাঁর কাছে ৬০ লাখ টাকা চাঁদা চান। এ টাকা দিতে রাজি না হলে গত ২৩ জুলাই জনসমক্ষে তাঁকে দুই দফা পিটিয়ে গুরুতর জখম করা হয়। এরপর সাদা স্ট্যাম্পে সই রেখে তাঁকে ছেড়ে দেন চেয়ারম্যান। এরপর তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে তিনি বরগুনা শহরে আশ্রয় নেন।
পুলিশ সূত্র জানায়, এ নিয়ে প্রথম আলোসহ কয়েকটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর আইনজীবী মো. ইসতিয়াক আহম্মেদ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৩ আগস্ট এক আদেশে বরগুনার পুলিশ সুপার ও তালতলী থানার ওসিকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার, শিক্ষকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে এসব কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সাত দিনের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষককে মারধরের ঘটনায় ৭ আগস্ট মামলা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ আগস্ট মনিরুজ্জামান আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হলে বিচারক তাঁকে ১৬ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে মামলার বাদী সুন্দর আলী ওই দিন আদালতে অভিযোগ করেন, ওসি মামলাটি জামিনযোগ্য করার জন্য চাঁদা দাবির বিষয়টি এজাহারে উল্লেখ করেননি। এরপর বিচারক মামলার এজাহারে গরমিল করার অভিযোগের জবাব দিতে তালতলী থানার ওসিকে ১১ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেদিন বিচারক ওসিকে তদন্তের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।
এ ব্যাপারে কথা বলতে মনিরুজ্জামানের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। তাঁর ছোট ভাই তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান বলেন, ‘আমার ভাই তাঁর (সুন্দর আলী) বিরুদ্ধে কোনো মামলা দেননি। এসব মিথ্যা অভিযোগ।’