কুমিল্লা মডার্ন হাইস্কুলে দুর্নীতি, দুঃশাসন ও এমপিও-সুবিধা বন্ধের প্রতিবাদে গতকাল সোমবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার এমপিওভুক্ত শিক্ষকদের ব্যানারে মানববন্ধন হয়েছে। এর আগে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে স্কুলটির শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল।
বেলা ১১টায় নগরের কান্দিরপাড় টাউন হল সড়কের সামনে এ কর্মসূচিতে শিক্ষকেরা অচলাবস্থা দূর করার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে আফজল খানের রাহুগ্রাস থেকে কুমিল্লা মডার্ন হাইস্কুল রক্ষার দাবি জানান। মানববন্ধনে অন্যদের মধ্যে কুমিল্লা মডার্ন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কোহিনূর বেগম, কুমিল্লা ইউসুফ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার হোসেন ও কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল আলম অংশ নেন। মানববন্ধনে অধ্যক্ষ জহিরুল আলম বলেন, কুমিল্লা মডার্ন হাইস্কুলের ৩৮ জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী গত নভেম্বর মাস থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজল খান ও তাঁর স্ত্রী বিদ্যালয়টির প্রধান শিক্ষক নার্গিস সুলতানা শিক্ষকদের বেতন-ভাতার ফরমে সই করছেন না। ৩০ মের মধ্যে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।