এবার শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং

পাবনার বেড়া উপজেলার দুটি কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাস খানেক আগে গঠন করা হয়েছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। দেশে শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন এটাই প্রথম ঘটনা বলে জানা গেছে।
গত মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কমিউনিটি পুলিশিংয়ের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে ওই দিন দুই কলেজের পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে বিশেষ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় বেড়া মনজুর কাদের মহিলা কলেজে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, পৌরসভার মেয়র আবদুল বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বকর সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, বেড়া মনজুর কাদের মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ।
এএসপি আবু বকর সিদ্দিক বলেন, ‘নবগঠিত এই দুটি স্টুডেন্ট পুলিশিংয়ের সফলতার ওপর নির্ভর করছে দেশের আর কোথাও এ ধরনের কমিটি গঠন হবে কি না। তবে ছাত্রীদের নির্বিঘ্নে কলেজে আসা-যাওয়াসহ বাল্যবিবাহ ও মাদক ব্যবহার রোধ, আইটি অপরাধসহ নানা সমস্যা এর মাধ্যমে অনেকটাই দূর হবে বলে আমাদের বিশ্বাস। ইতিমধ্যে এর সুফল লক্ষ করা যাচ্ছে।’
বেড়া মনজুর কাদের মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ বলেন, ‘আমাদের কলেজের সামনের রাস্তায় আগে বখাটেদের আড্ডা ছিল। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের পর এখন আর বখাটেদের কোনো রকম আনাগোনা নেই। এখন আমাদের ছাত্রীরা কলেজে শক্ত মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে যাতায়াত করছে।’
পুলিশ প্রশাসন সংস্কারের অংশ হিসেবে পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় নিরাপদ সমাজ গড়তে ২০০৭ সালে সারা দেশে গঠন করা হয় কমউনিটি পুলিশিং। স্বেচ্ছাসেবী এ সংগঠনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকলেও শিক্ষার্থীরা ছিল না। তাই শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং গঠনের জন্য ইউএনডিপি ও পিআরপির (পুলিশ রিফরমিং প্রোগ্রাম) পৃষ্ঠপোষকতায় দেশে প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের। দেশের প্রথম স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের জন্য বেছে নেওয়া হয়েছে বেড়া উপজেলার বেড়া কলেজ ও বেড়া মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের। এ জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দুটি কলেজেই আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক কমিটিতে কলেজের অধ্যক্ষ প্রধান উপদেষ্টা ও চারজন শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন। আর কার্যকরী কমিটিতে রয়েছেন ২১ জন শিক্ষার্থী। এএসপি আবু বকর সিদ্দিকের উদ্যোগেই কলেজ দুটিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করা হয়েছে।
বেড়া মনজুর কাদের মহিলা কলেজ শাখার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য শ্রাবণী সূত্রধর বলেন, ‘শুধু কলেজে যাতায়াতের পথেই নয়, গ্রামে বসবাস করার ক্ষেত্রেও আমাদের মনোবল বেড়েছে। এখন নিজের জন্য, সহপাঠীদের জন্য, এমনকি প্রতিবেশীদের জন্যও পুলিশের সহায়তা পাওয়ার পথ সহজ হয়েছে।’
বেড়া কলেজ শাখার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য পরহেজ আলী বলেন, ‘মাদক ব্যবহার, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লেই পুলিশের সহায়তা নিয়ে তা রোধ করতে পারব বলে আমার বিশ্বাস।’