এবার শিক্ষিত নারীদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এদিক-ওদিক তাকান। দেখবেন আমগো চারপাশে সব নামীদামি পৌরসভা। তাদের বাজেট বেশি। কাজ বেশি। গ্রেড বড়। নির্বাচনী ব্যয়ও বড়। আমগো কিন্তু এত কিছু নাই। তবে আমগো যা আছে, তা আবার অন্যদের নাই। তা হলো শিক্ষা। এ শিক্ষাই আমগো আছে। এই কারণে আমাগোরে কেউ “স্বশিক্ষিত” বা “অক্ষরজ্ঞানসম্পন্ন” বলতে পারব না।’ নরসিংদীর মনোহরদী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সবাই হলফনামায় সর্বোচ্চ বিএ থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস উল্লেখ করতে পারায় এভাবে কথাগুলো বললেন কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদা আক্তার। তিনি সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামায় শিক্ষাগত যোগ্যতা তিনি বিএ পাস উল্লেখ করেছেন। শিক্ষকতা করছেন স্থানীয় হাফিজপুর উচ্চবিদ্যালয়ে। বিষয় কম্পিউটার শিক্ষা। আগের নির্বাচনে একজন স্বশিক্ষিত প্রার্থীর সঙ্গে বিপুল ভোটে জয়ী হন তিনি। গেলবারের জয়ে কোথায় যেন একটু অতৃপ্তি থেকে গিয়েছিল। এবার অবশ্য গর্বের শেষ নেই। কারণ এবার তাঁর প্রতিদ্বন্দ্বীও শিক্ষিত। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামা শাহানাজ পারভীন হলফনামায় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উল্লেখ করেছেন। অবশ্য তাঁর দাবি, হলফনামায় যে যোগ্যতা দেখানো হয়েছে, তাঁদের যোগ্যতা তার চেয়েও বেশি। সনদ না থাকায় বাধ্য হয়ে অনেকে শিক্ষাগত যোগ্যতা কম উল্লেখ করেছেন। শিক্ষিতদের লড়াইয়ে নেমে ফুরফুরে মেজাজে আছেন অপর প্রার্থী শামসুন্নাহার বেগম। আগের নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন। তিনি জানান, ‘ভালো কাজ করা আর শিক্ষাগত যোগ্যতা এক বিষয় নয়। আমরা যাঁরা জনপ্রতিনিধি হতে এসেছি, সবার আগে ভালো কাজ করার প্রত্যয় থাকতে হবে। তবে ভালো কাজ ভালো করে করতে হলে অবশ্যই শিক্ষার বিকল্প নেই।’পৌর শহরের হাররদিয়া এলাকার আহাম্মদ আলী (৫০) বলেন, ‘কী যে হুনতাছি এসব। চারপাশের পৌরসভার প্রার্থীরা নাকি নিজের নাম লিখতে পারে না। আবার এই কথা সরকারের কাগজে উল্লেখ কইরা স্বীকার করতাছে। হেই তুলনায় আমরার মা-বোনগোরে তো ভালোই পাইছি। নিজের নাম লিখতে পারে না—এই কথা লিখতে হয় নাই। তবে আমগোর বাপ-ভাইয়েরা যদি মা-বোনগোর মতো হইত, তা হইলে আরও ভালা হইত।’একইভাবে নিজের খুশির কথা জানালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জীবন নাহার বেগম। তিনি বলেন, ‘এই উপজেলায় চাকরি করার আগে আরও দুই উপজেলায় একই দায়িত্ব পালন করেছি। নির্বাচন পরিচালনাও করেছি। হলফনামায় সবাই শিক্ষিত উল্লেখ আছে—এমনটা চোখে পড়েনি। মনোনয়নপত্র দাখিলের পর তদারকি করার সময় বিষয়টি চোখে পড়ে। যখন দেখছিলাম কোনো নারীর হলফনামায় “স্বশিক্ষিত” বা “অক্ষরজ্ঞানসম্পন্ন” শব্দ নেই, তখন একজন নারী হিসেবে গর্ববোধ হচ্ছিল।’ মনোহরদী উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এবার মনোহরদী পৌরসভায় তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। হলফনামার ঘরে যাঁদের কাউকে ‘স্বশিক্ষিত’ বা ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’ শব্দ দুটি লিখতে হয়নি। মেয়র পদে নির্বাচন করছেন আলফাজ উদ্দিন, কফিল উদ্দিন ও আবদুল খালেক। তাঁদের তিনজনের মধ্যে একজন আছেন ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’। এর মধ্যে আলফাজ উদ্দিন আওয়ামী লীগ সমর্থিত ও আবদুল খালেক বিএনপি-সমর্থিত প্রার্থী। কফিল উদ্দিন দলীয় সমর্থন না পেয়ে এখন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন। নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। এঁদের মধ্যে ১৭ জন নিজেদের ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ উল্লেখ করেছেন।