এবার শিশুকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চলন্ত ট্রেন থেকে রাজা মিয়া (১০) নামের এক শিশুকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড়বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় রাজা মিয়াকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজা মিয়া কিশোরগঞ্জ জেলার করমছি গ্রামের হেলাল মিয়ার ছেলে।
ওই হাসপাতালে গিয়ে দেখা গেছে, ১১ নম্বর শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছে রাজা মিয়া। তার ঠোঁট ও মুখ ফুলে রয়েছে। মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ওমর ফারুক তুহিন বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেলেও আশঙ্কামুক্ত নয়। সকালে সে কথা বলতে পারেনি। বিকেল চারটার দিকে সে চোখ খুলে। অনেক কষ্টে সে এ প্রতিবেদককে জানায়, মঙ্গলবার রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় সে। বুধবার সকালে সীতাকুণ্ডে পৌঁছার পর কে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর কী হয়েছে তা সে জানে না। রাজা ট্রেনের কক্ষে না ছাদে ছিল, তা সে জানাতে পারেনি। তার চিকিৎসার খোঁজখবর রাখছেন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা শুকলা বল। তিনি বলেন, দুর্বৃত্তরা শিশুটিকে জোড়বটতল এলাকায় ট্রেন থেকে ফেলে দেয়। পরে তছলিম উদ্দীন নামের স্থানীয় এক যুবক তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।