এবার শোলাকিয়ায় ঈদের জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তা
কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবার ঈদুল আজহার জামাত নির্বিঘ্ন করতে র্যা ব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনসহ তিন স্তরের নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, দেশের বৃহত্তম এ ঈদগাহ মাঠে গত ঈদুল ফিতরের দিনে জঙ্গি হামলার ঘটনায় এ বিশেষ নিরাপত্তার উদ্যোগ।
ঈদের দিন শোলাকিয়া মাঠ ও এর আশপাশে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া এপিবিএন, র্যা ব-পুলিশসহ অন্যান্য বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। থাকবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। নজরদারির জন্য বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
গত ঈদুল ফিতরের দিন আজিম উদ্দিন হাইস্কুল ঘেঁষে ঈদগাহমুখী যে রাস্তায় জঙ্গি হামলার ঘটনায় পুলিশের দুজন সদস্য ও স্থানীয় এক গৃহবধূ নিহত হয়েছিলেন, সেই রাস্তাটি এবার বন্ধ করে দেওয়া হবে। এবার ঈদের অন্তত ১৫ দিন আগে থেকে ঈদগাহর আশপাশের এলাকার কোনো বাসায় নতুন ভাড়াটে বা বাইরের কোনো অতিথি না রাখার জন্য এলাকাবাসীকে আহ্বান জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এ ছাড়া কোনো মুসল্লি ঈদগাহে ছাতা, ব্যাগ ও মোটা জায়নামাজ নিয়ে ঢুকতে পারবেন না।
এবার শোলাকিয়ায় ১৮৯তম ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল নয়টায়। ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
গতকাল রোববার দুপুরে শোলাকিয়া মাঠে গিয়ে দেখা গেছে, পুলিশ বাহিনীর সদস্যরা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান গতকাল বলেন, এবার ঈদের জামাতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। ঈদের দিন আর্চওয়ের ভেতর দিয়ে সামনের দুটি গেটে মেটাল ডিটেক্টরে শরীর তল্লাশির পর মুসল্লিদের মাঠে ঢুকতে দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, ঈদের জামাতকে ঘিরে সব প্রস্তুতি শেষের দিকে।
গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়ায় জামাতের আগে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা কুপিয়ে দুই কনস্টেবলকে হত্যা করে। জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝরনা রানী ভৌমিক। পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি।