সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কমিটির এক সদস্যের বৈঠক ত্যাগ
এবার সংসদীয় কমিটিতে তোপের মুখে বিদ্যুৎসচিব
বিদ্যুৎ নিয়ে এবার সংসদীয় কমিটির বৈঠকে তোপের মুখে পড়েছেন বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের অনুপস্থিতিতে তিনি কমিটির সদস্যদের প্রশ্নবাণে জর্জরিত হন। কমিটির সুপারিশ মন্ত্রণালয় বাস্তবায়ন না করার প্রতিবাদে কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কিছুক্ষণের জন্য বৈঠক ত্যাগ করেন।জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে প্রতিবাদ হিসেবে আবদুল্লাহ আল ইসলামের সভা ত্যাগের ঘটনাকে রীতিবহির্ভূত বলে মন্তব্য করেন কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া। তবে কমিটির অন্য সদস্যরা সভাপতিকে বলেন, প্রতিবাদে সভাস্থল ত্যাগ করার অধিকার সাংসদের আছে।গত ৮ মার্চ সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্যরা বিদ্যুৎ নিয়ে ক্ষোভ জানান এবং প্রধানমন্ত্রীর বিদ্যুৎবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও প্রতিমন্ত্রী এনামুল হকের সমালোচনা করেন।বৈঠক সূত্র জানায়, কমিটি ২০০৯ সালে ভোলার মনপুরায় বঙ্গবন্ধু চিন্তানিবাস প্রকল্পে বিদ্যুৎ সরবরাহের জন্য এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপনের সুপারিশ করে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মন্ত্রণালয়কে চিঠিও দেয়। কিন্তু এত দিনেও সেখানে জেনারেটর স্থাপন না হওয়ায় স্থানীয় সাংসদ ও কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম বিষয়টি মন্ত্রণালয়ের কাছে জানতে চান। কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় প্রতিবাদ হিসেবে একপর্যায়ে তিনি বৈঠক ত্যাগ করেন। অবশ্য কিছুক্ষণ পর তিনি আবার বৈঠকে যোগ দেন।সূত্র জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন ৫০টি বিদ্যুৎকেন্দ্র থেকে তিন হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। কিন্তু তার পরও সারা দেশে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। কমিটি মন্ত্রণালয়ের কাছে এর কারণ জানতে চেয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরও কেন জনগণ এর সুফল পাচ্ছে না, সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির বৈঠকে জবাব দিতে বলা হয়েছে। কমিটি সেচযন্ত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। এ ছাড়া নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পুরোনোগুলোর মেরামতের মধ্যে কোনটি সাশ্রয়ী ও লাভজনক, সে সম্পর্কে প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ইসরাফিল আলম, নিলুফার জাফর উল্লাহ, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস ও আবদুল্লাহ আল ইসলাম অংশ নেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।আবদুল্লাহ আল ইসলামের ক্ষোভ প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ইসরাফিল আলম বৈঠক শেষে বলেন, মন্ত্রণালয় বিদ্যুতের পুরোনো কেন্দ্রগুলো মেরামত না করে নতুন কেন্দ্র স্থাপনের ব্যাপারে বেশি মনোযোগী। কারণ এতে অন্য রকম কিছু ব্যাপার আছে। এ নিয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। পুরোনো কেন্দ্রগুলো মেরামত করা হলে সরকারের ব্যয় কম হতো এবং জাতীয় গ্রিডে বিদ্যুতের সংকটও কম থাকত। তাই কমিটির পক্ষ থেকে পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো মেরামতের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।ওই ঘটনার বিষয়ে জানতে সুবিদ আলী ভূঁইয়া ও আবদুল্লাহ আল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।