এবার সঠিক সনদ দিচ্ছেন চিকিৎসক
অবশেষে পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কবির উদ্দিন তাঁর দেওয়া সিম্পল ইনজুরির (সাধারণ আঘাত) সনদ প্রত্যাহার করে গুরুতর জখমের সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর উপজেলার বগা দাউরাভাঙ্গা গ্রামের আবুল কালাম মৃধা বগা বন্দর থেকে বাড়ি ফেরার পথে ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সামনে ছয়-সাতজন সন্ত্রাসী তাঁকে কুপিয়ে জখম করে এবং পিটিয়ে এক হাত ও দুটি পা ভেঙে দেয়। ওই দিনই তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। অথচ এ ঘটনায় পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক কবির উদ্দিন গত ৩ ডিসেম্বর তাঁর সই করা সাধারণ আঘাতের একটি সনদ থানায় পাঠান। বিষয়টি জানতে পেরে ২৩ ডিসেম্বর আবুল কালাম মৃধা সঠিক সনদ দেওয়ার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত আবেদন জানান। একই সঙ্গে কালাম ওই চিকিৎসকের শাস্তিও দাবি করেন। গতকাল বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম সামসুল আলম বলেন, ‘দু-এক দিনের মধ্যে সঠিক সনদ দেওয়া হবে। এ ব্যাপারে বাউফল থানাকে অবহিত করা হয়েছে।’ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কবির উদ্দিন বলেন, চিকিৎসা সনদ দেওয়ার সময় রোগী এক্স-রে প্লেট না দেখানোর কারণে এ ভুল হয়েছে। দু-এক দিনের মধ্যে গুরুতর জখমের সনদ দেওয়া হবে।