এবার সবজিচাষিদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষকেরা গত দুই বছর সবজি চাষ করে লোকসান গোনার পর এবার ভালো দাম পাচ্ছেন। এ কারণে সবজিচাষিরা খুশি।খুচরা বিক্রেতা ও পাইকারেরা এখন কৃষকদের খেত থেকে সবজি কিনে নিচ্ছেন। ছাতুয়া গ্রামের তবারক আলী (৫৫) বলেন, ‘এবার ভ্যানগাড়ি বা ভটভটির পেছনে ফুলকপি বোঝাই করে ২৫ কিলোমিটার দূরের সবজির হাটে গিয়ে ওজনে ঠকে আসতে হচ্ছে না। আগে ফড়িয়া বা দালালদের বলে দেওয়া দামে সবজি বিক্রি করতে হতো। এবার খেত থেকেই ব্যবসায়ীরা ফুলকপি নিয়ে যাচ্ছেন।লক্ষ্মীকোলা গ্রামের কৃষক জনাব আলী (৪৫) এবার এক বিঘা জমিতে মুলা চাষ করেছেন। সাত হাজার টাকা খরচ করে ওই জমিতে মুলা হয়েছে প্রায় ১১০ মণ। প্রতি মণ মুলা তিনি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছেন। সব খরচ বাদ দিয়ে এক বিঘা জমি থেকে তাঁর ৫০ হাজার টাকার বেশি লাভ থাকবে বলে তিনি জানান। অথচ গতবার তিনি ক্রেতার অভাবে মুলা বাজারে ফেলে দিয়ে এসেছিলেন। আঁচলাই গ্রামের মোজাহার আলী (৫৫) বলেন, তিনি এবার নয় হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে ফুলকপি লাগিয়েছেন। আশা করছেন ৭০ মণ ফুলকপি পাবেন। প্রতি মণ এক হাজার ১০০ টাকা দরে বিক্রি করছেন। অথচ গতবার তিনি ৩০০ টাকা মণ দরে ফুলকপি বিক্রি করতে হিমশিম খেয়েছেন।সবজিচাষিরা জানান, গত দুই বছর তাঁদের বড় ধরনের লোকসান হয়েছে। তাই চলতি মৌসুমে অনেক চাষি সবজির আবাদ করেননি। উৎপাদন কম হওয়া দাম বাড়ার প্রধান কারণ।উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, উপজেলার এক হাজার ৬০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতের সবজির চাষ হচ্ছে। এবার সবজি চাষের উপযোগী আবহাওয়া থাকায় কৃষকেরা সবজি চাষ করে ভালো মুনাফা করছেন।