রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়নি। যেসব শিক্ষক তালা ঝুলিয়েছিলেন গতকাল শুক্রবার তাঁরা সংবাদ সম্মেলন করে বিভাগীয় সভাপতির অপসারণ চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনে বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় শিক্ষক আতাউর রহমান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সভাপতি মলয় ভৌমিক দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্ষমতার চর্চা করাসহ বিভাগীয় শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। তিনি বিভাগের কয়েকজন শিক্ষককে শিক্ষা ছুটি দেননি। এতে শিক্ষকদের গবেষণা-কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব কারণে তাঁরা তাঁর অপসারণ চান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিভাগীয় শিক্ষক আবদুল হালিম প্রামাণিক। এ সময় অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক অসিত রায়, শাহরিয়ার হোসেন, হাবিব জাকারিয়া, কাজী শুসমিন আফসানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মলয় ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, নিজেদের অনিয়ম ও দুর্নীতির বিষয় বেরিয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকেই তাঁরা তাঁর অপসারণ চাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান জানান, এ নিয়ে তিনি আজ শনিবার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। প্রসঙ্গত, নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতির কক্ষে গত বৃহস্পতিবার বিভাগের শিক্ষকেরা তালা ঝুলিয়ে দেন।