এবার সমন্বিত উচ্ছেদ অভিযান
রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা ও বারিধারা আবাসিক এলাকার অবৈধ ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে নতুন কৌশল নিয়েছে সরকার। অবৈধ স্থাপনা উচ্ছেদে এবার গতানুগতিক অভিযান নয়, প্লট বা ভবন ব্যবহারের শর্ত ভঙ্গের জন্য ট্রেড লাইসেন্স বাতিলও করা হবে। এ ছাড়া ভ্যাট বা করের নিবন্ধন বাতিল এবং বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন বন্ধ করে দেওয়া হবে।
আবাসিক এলাকায় যেসব বার রয়েছে, তাৎক্ষণিক তার লাইসেন্স বাতিল করা হবে। সরকারের পাঁচটি মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থা মিলে এ অভিযান চালাবে।
নগর এলাকার রাস্তার পাশে আবাসিক প্লট, ভবনে রেস্তোরাঁ, বারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বন্ধে প্রায় এক বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটির এসব সিদ্ধান্ত ও সুপারিশ অনুমোদনের জন্য আজ সচিব কমিটিতে পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকারসচিব আবদুল মালেক প্রথম আলোকে বলেন, নগর এলাকার সমস্যা নিরসনে ও উচ্ছেদ অভিযান পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পাশাপাশি সেবা সংস্থাগুলোরও সহযোগিতা প্রয়োজন। এ জন্য কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। আজ সচিব কমিটিতে এ ধরনের প্রস্তাবটি পাঠানো হচ্ছে। অনুমোদনের পরই উচ্ছেদ অভিযান শুরু হবে।
নগর এলাকায় অধিকাংশ সড়কই সিটি করপোরেশনের আওতাধীন। তবে কিছু ক্ষেত্রে সড়কের মালিকানা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, কমিটির সুপারিশ অনুযায়ী রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা ও বারিধারা আবাসিক এলাকার কোনো প্লটের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। করলে সেগুলো উচ্ছেদ করা হবে। আবাসিক এলাকায় গেস্টহাউস ও আবাসিক হোটেল বন্ধ করার বিষয়ে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্লট মালিককে স্ব-উদ্যোগে অপসারণের জন্য ছয় মাস সময় দেওয়া হবে।
জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আর কোনো সুযোগ দেওয়া হবে না।
এ উদ্যোগ কার্যকর হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অ্যাট অ্যানি কস্ট আবাসিক এলাকা থেকে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে স্কুল ও হাসপাতালকে নোটিশ দিয়ে স্থানান্তর করার সময় দেব। কেউ রাজউকের নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হয়, দেখবেন।’
মন্ত্রী বলেন, ট্রেড লাইসেন্স মানে কারও অধিকার নয়। জমির মালিক রাজউক বা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেখানে কেউ ব্যবসা-বাণিজ্য করলে তার জন্য ট্রেড লাইসেন্স নেয়। এই ট্রেড লাইসেন্স কাউকে জমির মালিকানা বা বন্দোবস্ত দেয় না। আইনগতভাবে ট্রেড লাইসেন্স না নিয়ে ব্যবসা করা দণ্ডনীয় অপরাধ।
গণপূর্ত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র বলেছে, অনেক ক্ষেত্রে আবাসিক প্লটে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত। রাজউকের অন্যতম প্রধান দায়িত্ব হলো যথাযথ পরিকল্পনা প্রণয়ন এবং এর সঠিক বাস্তবায়ন। কিন্তু কর্তৃপক্ষের আশ্রয়-প্রশ্রয়ে আবাসিক এলাকায় শিল্পকারখানা, বাণিজ্যিক কেন্দ্র, শপিং কমপ্লেক্স ইত্যাদি গড়ে ওঠায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে গত ১৮ জানুয়ারি এসব আবাসিক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়, যা এখন চলছে ধীরগতিতে। এ বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুইয়া বলেন, পুলিশ না পাওয়ায় বর্তমান উচ্ছেদ অভিযানে কিছুটা ধীরগতি চলছে। তবে নতুন প্রস্তাব অনুমোদিত হলে আগামী মাস থেকে এ কর্মসূচি আরও বড় পরিসরে শুরু হবে।