এবার সম্পত্তির কারণে খুন হলেন মা-বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় মেয়ের হাতে পুলিশ দম্পতি খুন হওয়ার পর এবার নারায়ণগঞ্জে ছেলে ও মেয়ের হাতে আরেক দম্পতি খুন হলেন। সম্পত্তির লোভে ভাড়াটে খুনিদের সহায়তায় তাঁদের কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ মেয়েসহ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।
গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দাইর বাজার এলাকার আমান উল্লাহ (৫৫) ও তাঁর দ্বিতীয় স্ত্রী হোসনে আরা (৩৫)। আমান উল্লাহ পেশায় কোনো কিছু না করলেও প্রচুর বাড়িভাড়া পেতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভোলাইল গেদ্দাইর বাজার এলাকায় আমান উল্লাহর বাড়িতে কান্নার শব্দ পাওয়া যায়। কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, বাড়ির কলাপসিবল গেটের সামনে আমান উল্লাহর মেয়ে হাবিবার (১৯) হাত-পা বাঁধা। তিনিই কান্নাকাটি করছেন। পরে বাড়ির ভেতরে ঢুকে দেখা যায়, শোবার ঘরের বিছানায় তাঁর বাবার রক্তাক্ত দেহ পড়ে আছে। আর মেঝেতে পড়ে আছে তাঁর স্ত্রীর লাশ। বিষয়টি সঙ্গে সঙ্গে থানার পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি চাকু ও রক্তমাখা কাপড়চোপড় উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমান উল্লাহর মেয়ে হাবিবা ও তাঁর দুই শ্যালক আবু বক্কর সিদ্দিক ও আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হাবিবা স্বীকার করেছেন, সম্পত্তির জন্য তিনি ও তাঁর ভাই আরিফ উল্লাহসহ (২৩) চারজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। দুই বছর ধরে তাঁরা এই হত্যার পরিকল্পনা করে আসছিলেন।
ওসি জানান, হত্যাকাণ্ডে জড়িত বাকি দুজনের নাম-পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে। তিনি বলেন, এর আগেও আমান উল্লাহকে একবার হত্যার চেষ্টা করেছিলেন তাঁর ছেলে আরিফ উল্লাহ। কিন্তু সেবার আরিফ ও তাঁর সহযোগী চাকুসহ ধরা পড়ে যাওয়ায় আমান উল্লাহ বেঁচে যান। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে রাজধানীর চামেলীবাগের বাসায় খুন হন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান। গত ১৬ আগস্ট বাসা থেকে তাঁদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁদের মেয়ে ঐশী রহমান স্বীকার করেন, চলাফেরায় বাধা দেওয়ায় তিনিই তাঁর বাবা-মাকে খুন করেছেন।
তরুণীর লাশ উদ্ধার: রূপগঞ্জের রপসী এলাকায় সড়কের পাশে একটি ম্যানহোলের ভেতর থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পচে-গলে গেছে। পুলিশের ধারণা, ২০-২৫ দিন আগে হত্যার পর লাশ ম্যানহোলের ভেতরে ফেলে দেয় দুর্বৃত্তরা।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।