এবার সহকারী স্টেশনমাস্টার বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ তানভীর ইমাম ট্রেন থেকে নামতে গিয়ে আহত হওয়ার ঘটনায় উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার এ-সংক্রান্ত আদেশ উল্লাপাড়ায় এসেছে।

এর আগে ৫ সেপ্টেম্বর স্টেশনমাস্টার শামছুল আলমকেও দায়িত্বে অবহেলার কারণ উল্লেখ করে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে সাংসদের ট্রেন থেকে পড়ে গিয়ে আহত ও কর্তব্যরত স্টেশনমাস্টারকে মারধরের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপকের গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি গত বৃহস্পতিবার বিভাগীয় রেল ব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

তদন্ত কমিটির সদস্য পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসিন জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী স্টেশনমাস্টার আবদুল বাতেনকে কর্তব্যে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

৪ সেপ্টেম্বর সাংসদ তানভীর ইমাম উল্লাপাড়া স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে স্ত্রী ও স্বজনদের তুলে দিয়ে ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে প্ল্যাটফর্মের ওপর পড়ে গিয়ে আহত হন। এরপর তাঁর অনুসারীরা ওই দিন কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার আবদুল বাতেনকে মারধর করেন। এ ছাড়া সাংসদ নিজেই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।