রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির এক নেতা এবার বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।আহত এ এম জাহিদ দ্য ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।এর আগে গত ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ খাবারের টোকেন নেওয়া নিয়ে ছাত্রলীগের কর্মীরা নাসরুল্লাহ নাসিম নামের সংগঠনের আরেক কর্মীকে মারধরের পর হলের দোতলা থেকে নিচে ফেলে দেয়। হাসপাতালে নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে নাসিম গত ২৩ আগস্ট মারা যান। এর রেশ না কাটতেই ছাত্রলীগের কর্মীরা গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর বিভাগের ছাত্র মশিউর রহমানের হাতে-পায়ে পেরেক ঠুকে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।হামলার শিকার সাংবাদিক এ এম জাহিদ জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের একটি হোটেলে রাতের খাবার খেয়ে সোহরাওয়ার্দী হলের সামনে তাঁর কয়েকজন বন্ধু ও সহকর্মীর সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ও ছাত্রলীগের নেতা রায়হান দুলাল সেখানে তাঁকে (জাহিদ) দেখতে পেয়ে মোটরসাইকেল থেকে নামেন। এরপর দুলাল গত ১৮ আগস্ট এবং গত বছরের ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও তাঁকে (দুলাল) নিয়ে দ্য ডেইলি স্টার পত্রিকায় সংবাদ প্রকাশ করার কারণ জানতে চান।জাহিদ জানান, একপর্যায়ে দুলাল তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে দুলাল তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন এবং পাশে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে মারধর করে আহত করেন। এ সময় সেখানে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি ইসমাইল হোসেন, জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শহীদুল ইসলাম খানসহ আরও কয়েকজন তাঁকে উদ্ধার করেন। রাতেই তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করানো হয়।প্রতিবাদ সভা: এদিকে জাহিদের ওপর হামলার প্রতিবাদে ও অবিলম্বে রায়হান দুলালকে গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলসহ চারদফা দাবিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ সভার আয়োজন করেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ইসমাইল হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রতিবাদ সভা শেষে একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।রায়হান দুলাল হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাহিদ আমার পূর্বপরিচিত এবং একসময় আমরা একই হলে থাকতাম। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর কথাবার্তার একপর্যায়ে আমি উত্তেজিত হয়ে গেলে এ ঘটনা ঘটে।’ তিনি এ ঘটনার জন্য অনুতপ্ত বলেও উল্লেখ করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিত করা কমিটির বহিষ্কৃত সভাপতি আওয়াল কবির এ ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ক্যাম্পাসে বর্তমানে ছাত্রলীগের কমিটি না থাকায় এ ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আহত সাংবাদিক এ এম জাহিদ প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে রায়হান দুলালের বিরুদ্ধে মতিহার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।