এবার সাংসদ রেজার ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জাতীয় পার্টির (জাপা) সাংসদ এইচ এম গোলাম রেজার ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর কাফরুলের সেনপাড়া পবর্তায় একটি ভবনের চতুর্থ তলায় সাংসদ গোলাম রেজার মালিকানাধীন বিএমবি ট্রাভেলস ভাঙচুর করে। খবর পেয়ে কাফরুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কম্পিউটারসহ একটি পিকআপ ভ্যান আটক করে। পুলিশ পিকআপের চালক মো. আলম ও তালাচাবির মিস্ত্রি আবদুল বাতেনকে আটক করে।এর আগে ওই ভবনের নিচে জাতীয় পার্টির কার্যালয় ব্যানার লিখে বেশ কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ করেছেন বলে পুলিশ জানিয়েছে।কাফরুল থানার ওসি আবদুল লতিফ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি কম্পিউটার পিকআপে নিয়ে যাওয়ার সময় আটক করেছে। তবে এ ঘটনায় গোলাম রেজা গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা করেননি। তিনি প্রথম আলোকে বলেন, এটি ডাকাতির ঘটনা। ডাকাতেরা সুকৌশলে প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী মো. মোস্তফাকে বেঁধে টাকাসহ প্রায় ৪১ লাখ টাকার মালামাল তিনটি গাড়িতে নিয়ে গেছে। এর মধ্যে চার লাখ টাকা, পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র, ইউপিএসসহ ১৪টি কম্পিউটার, তিনটি ল্যাপটপ, প্রিন্টার, ফ্যাক্সযন্ত্র, আটটি টেলিফোন সেট ও আসবাব রয়েছে।প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত মঙ্গলবার প্রতারণার অভিযোগ এনে গোলাম রেজাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ ও সংসদীয় দলের হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এর পরদিন বুধবার সেনপাড়া পর্বতায় রেজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়।অভিযোগ রয়েছে, এরশাদের ব্যক্তিগত ব্যবসা ও সম্পদ বেহাত করায় দলীয় সাংসদের বিরুদ্ধে তিনি এ ব্যবস্থা নিয়েছেন।