এবার সাংসদকে সোনার চাবি
যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ (স্বতন্ত্র) স্বপন ভট্টাচার্যকে সোনার চাবি উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সোনার চাবি উপহার দেওয়া হয়।
কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য এম এম নজরুল ইসলাম সাংসদের হাতে সোনার চাবিটি তুলে দেন। কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য এবং সদ্য সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক জানান, সাংসদকে প্রায় আড়াই ভরি ওজনের সোনার চাবি উপহার দিতে তাঁদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে।
এম এম নজরুল ইসলাম গতকাল রাতে মুঠোফোনে বলেন, ‘সোনার চাবিটির ওজন মাত্র তিন আনা। শিক্ষকদের কাছ থেকে এ ব্যাপারে কোনো চাঁদা নেওয়া হয়নি।’