এবার সাংসদের পক্ষে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেনের বিরুদ্ধে রায়গঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল সংবাদ সম্মেলন করার এক দিন পর সাংসদের পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত মঙ্গলবার উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সাংসদের বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন।
সাংসদের পক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সরকার ও সুরপাইদিঘি সুফলভোগী দলের সভাপতি আনোয়ার হোসেন। তাঁরা বলেন, স্থানীয় সাংসদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোস্তফা কামাল যে অভিযোগ করেছেন, তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। নিজের সন্ত্রাসী কার্যকলাপ আড়াল করতেই তিনি সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সরকারি দলের আশ্রয়ে থেকে চেয়ারম্যান মোস্তফা কামাল বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করছেন, দাবি করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এ সময় জানানো হয়।
সাংসদের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন সরকার প্রমুখ।