এবার সাংসদের পাল্টা মহড়া ও সমাবেশ
নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকের পাল্টা মহড়া দিয়ে সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশার আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ হয়। এর আগে সকালে দুই শতাধিক মোটরসাইকেলের বহর সাংসদকে কালনা ফেরিঘাট থেকে লোহাগড়ায় নিয়ে আসে।গত ৩০ জুন উপজেলা যুবলীগের সভাপতি ও পরাজিত মেয়র পদপ্রার্থী আশরাফুল আলমসহ যুবলীগ ও ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীর কারামুক্তির সংবর্ধনায় সাংসদ এস কে আবু বাকেরকে লোহাগড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গত ১২ জুন অনুষ্ঠিত লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আশরাফুল আলম জেলা বিএনপির সহসভাপতি নেওয়াজ আহমেদের কাছে পরাজিত হন। নির্বাচনের দিন রাত নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হামলা হয়। এ অভিযোগে আশরাফুল আলমসহ ছাত্রলীগ-যুবলীগের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড দেন। লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশ্বনাথ গাঙ্গুলি সমাবেশে সভাপতিত্ব করেন। সাংসদ আবু বাকের বলেন, ‘একটি কুচক্রী মহল লোহাগড়ায় শান্তি নষ্টের পাঁয়তারা করছে। ভবিষ্যতে এদের ধরে এনে আপনারা বিচার করবেন।’