এবার সাগর পাড়ি দিলেন মুসা ইব্রাহীম
যেমন ভাবা হয়েছিল তেমন শান্ত ছিল না বঙ্গোপসাগর। জোর বাতাস আর বড় বড় ঢেউ ছিল মাঝেমধ্যেই। থেকে থেকে ভেসে উঠছিল দুই সাঁতারুর মাথা আর পায়ের ফিন। কখনো পুরো শরীর, যেন দ্রুতগতির জলজ প্রাণী। এভাবেই গতকাল বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় সাড়ে ১৪ কিলোমিটার সাগর পাড়ি দিয়েছেন দেশের প্রথম এভারেস্ট বিজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম ও সাঁতারু লিপটন সরকার। লিপটন অবশ্য আগেও ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত হয়ে ওঠা এ জলপথে সাঁতরেছেন।দুপুর ১২টার কিছু পরে শাহপরীর দ্বীপ থেকে শুরু হয় বাংলা চ্যানেল সাঁতার ২০১১ নামের এই অভিযান। তিনজন সাঁতারু শুরু করলেও শেষ করতে পেরেছেন দুজন। লিপটন পথটা অতিক্রম করেছেন চার ঘণ্টা ১৫ মিনিটে। আর মুসার সময় লাগে চার ঘণ্টা ৫৭ মিনিট। শুরুর দুই ঘণ্টা পর পায়ের পেশিতে টান ধরায় ফজলুল কবির সিনা শেষ করতে পারেননি। অবশ্য আগে তিনি দুবার এই চ্যানেল পাড়ি দিয়েছেন। সাঁতার শেষে মুসা ইব্রাহীম বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ জয়ে আমরা সফল হয়েছি। সাঁতরাতে খুব বড় কোনো সমস্যা হয়নি।’ লিপটন সরকার ২০০৬ সাল থেকে প্রতিবছর একবার করে বাংলা চ্যানেল অতিক্রম করছেন। লিপটন বলেন, ‘আমি প্রতিবছরই এ চ্যানেল সাঁতরে পার হতে চাই। এবার মুসার সঙ্গে সাঁতারে অংশ নেওয়ার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে।’ সেন্ট মার্টিনে অপেক্ষমাণ পর্যটক ও স্থানীয় মানুষ ছাড়াও দুই সাঁতারুকে অভিনন্দন জানান নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তা। স্থানীয় পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।এবারের সাঁতারের পরিকল্পনাকারী ও কোচ কাজী হামিদুল হক বলেন, ‘এ সময়টা সাগর একটু অশান্ত হলেও আমরা সফল হয়েছি।’ তিনি ভবিষ্যতে এ চ্যানেলে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা আছে বলে জানান। সরকারিভাবে এর নাম বাংলা চ্যানেল করার দাবিও তোলেন হামিদুল হক। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ ও এক্সট্রিম বাংলা আয়োজিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনী। পৃষ্ঠপোষকতা করে সামিট গ্রুপ, নাভানা গ্রুপ ও ফ্যাশন হাউস নিত্যউপহার।