এবার সাতক্ষীরায় জনতার হাতে লাঠি ও বাঁশি
সাতক্ষীরা শহরের বাসিন্দাদের হাতে গতকাল শনিবার লাঠি ও বাঁশি তুলে দিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান। তিনি বলেন, জনতার শক্তির ওপরে কোনো শক্তি নেই। সন্ত্রাসের বিরুদ্ধে লাঠি ও বাঁশি একটি প্রতীকী প্রতিবাদ।
সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এর আগে মাগুরা ও চুয়াডাঙ্গায় জনতার হাতে লাঠি ও বাঁশি তুলে দেয় পুলিশ। তখন বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল।
সাতক্ষীরা শহরের শ্যামসুন্দর মন্দিরে পাঁচ শতাধিক মানুষের মধ্যে লাঠি ও বাঁশি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। এ সময় ডিআইজি বলেন, ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী ও জঙ্গিদের মোকাবিলা করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় জনগণকে এগিয়ে আসতে হবে। নিজ গ্রামে ও পাড়ায় সন্ত্রাসীদের হামলা প্রতিরোধে লাঠি ও বাঁশি জনগণকে সাহস ও শক্তি জোগাবে। তিনি আরও বলেন, চর ও জমি দখলের জন্য নয়, লাঠি তুলে দেওয়া হচ্ছে দুর্বৃত্তদের পাহারা দেওয়া জন্য। একাত্তরের অশুভ শক্তি নতুন করে মাথাচাড়া দিতে চায়। কিন্তু জনগণ রুখে দাঁড়ালে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। জনগণ প্রতিরোধ করলে ঝিনাইদহে পুরোহিত হত্যা ব্যর্থ হতো। সন্ত্রাসীরাও ধরা পড়ত।
অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, পূজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, মন্দির সমিতির সাবেক সভাপতি বিশ্বনাথ ঘোষ, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন শ্যামসুন্দর মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী।