এবার সানাউল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস ডিআইজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকুর রহমান নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূরের হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি জেলার বাগাতিপাড়া উপজেলার কলেজশিক্ষক মিজানুর রহমানের ওপর হামলাকারীদেরও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। গতকাল শনিবার বড়াইগ্রামের বনপাড়া ও বাগাতিপাড়ার লোকমানপুর কলেজে গিয়ে তিনি এই আশ্বাস দেন।৮ অক্টোবর সানাউল্লাহর হত্যাকাণ্ডের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ঘটনার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ঘটনার ১৬ দিন পরও পুলিশ মামলার এজাহারে নাম উল্লেখ করা ২৬ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় নাটোরের পুলিশ মামলার মাত্র এক আসামি ছাত্রলীগের কর্মী রাসেল ওরফে রাপ্পুকে গ্রেপ্তার করতে পেরেছে। অন্যদিকে শিক্ষক মিজানুরের ওপর হামলাকারীদের মধ্যেও মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে নাটোর পুলিশ।ডিআইজি সিদ্দিকুর গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বাগাতিপাড়ায় গিয়ে শিক্ষক মিজানুরের ওপর হামলার স্থান কৃষ্ণা কৃষি খামারের সামনের আখখেত পরিদর্শন করেন। পরে লোকমানপুর কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ডিআইজি বলেন, ‘কথা দিচ্ছি, হামলাকারী বখাটে যুবক রাজনকে দেশের যেকোনো প্রান্ত থেকে হলেও গ্রেপ্তার করা হবে। আপনারা তার অবস্থান টের পেলে আমাকে জানাবেন। আমি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করব। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।’বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নওশের আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লোকমানপুর কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, মিজানুরের ভাই খায়রুল ইসলাম প্রমুখ।বিকেল তিনটায় ডিআইজি সিদ্দিকুর বিএনপির নেতা সানাউল্লাহকে হত্যার স্থান বনপাড়া বাজার পরিদর্শন করেন। সেখানে তাঁর সঙ্গে কথা বলতে যান নিহত সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর ও তিন মেয়ে। এ সময় বিএনপির অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা সবাই সানাউল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ডিআইজি সিদ্দিকুর তাঁদের উদ্দেশে বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন। এই হত্যাকাণ্ডের (সানাউল্লাহ) সুষ্ঠু তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। তাদের সন্ধান পেলেই গ্রেপ্তার করা হবে।’ সানাউল্লাহকে হত্যার দিন সাংবাদিকদের ওপর হামলা চালানোর ঘটনায়ও দুঃখ প্রকাশ করেন ডিআইজি সিদ্দিকুর। এর আগে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বনপাড়া বাজারে সানাউল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। বিএনপির নেতা-কর্মীরা সানাউল্লাহর হত্যাকাণ্ডের ঘটনায় বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক লুৎফর রহমানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ করেন এবং তাঁর বহিষ্কার দাবি করে স্লোগান দেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ডিআইজি তাঁদের আশ্বস্ত করেন।‘হৎপিণ্ড বন্ধ হলেই মৃত ঘোষণা’: নিজস্ব প্রতিবেদক জানান, কলেজশিক্ষক মিজানুরের (৩৬) অবস্থা এখনো সংকটাপন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সহযোগী অধ্যাপক কামরুল হুদা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মিজানুর রহমানের অবস্থা আগের মতোই। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। যতক্ষণ তাঁর হূৎপিণ্ড চলবে ততক্ষণ চিকিৎসা দেওয়া হবে। হূৎপিণ্ড বন্ধ হয়ে গেলে মৃত ঘোষণা করা হবে।’ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানানোয় বখাটে আসিফ আলী ও রাজন ১২ অক্টোবর মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেয় এবং তাঁর মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত করে। এ ঘটনায় শুধু আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।