এবার সাভারে পুলিশের হেফাজতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের হেমায়েতপুরে গত বুধবার রাতে শামীম সরকার (৩২) নামের এক ব্যক্তিকে আটকের পর পুলিশি হেফাজতে তিনি মারা গেছেন। উৎকোচ না দেওয়ায় তাঁকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। শামীম হেমায়েতপুর এলাকার হালিম সরকারের ছেলে। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন গতকাল বৃহস্পতিবার দুপুরে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন।

এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিদুল ইসলাম এবং আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন শামীমের ভাই আমিন সরকার। মামলায় এসআই এমদাদুল হক, এএসআই আকিদুল ইসলাম এবং কনস্টেবল মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী ও রমজানকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আকিদুল বাদে অন্য সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর আকিদুল গা ঢাকা দিয়েছেন।

ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের এবং ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথম কমিটিকে সাত দিন এবং দ্বিতীয় কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত শামীমের দূরসম্পর্কের ভাগনে সাইফুল ইসলাম জানান, বুধবার রাত আটটার দিকে হেমায়েতপুর এলাকার মোল্লা সিএনজি স্টেশন থেকে শামীম ও তাঁকে (সাইফুল) আটক করেন সাভার মডেল থানার এএসআই আকিদুল ইসলাম ও কয়েকজন কনস্টেবল। এরপর একটি মাইক্রোবাসে করে তাঁদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ১০টার দিকে নেওয়া হয় হেমায়েতপুরের শ্যামলী সিএনজি পাম্পে। তখন একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে সেখানে পৌঁছান আশুলিয়া থানার এসআই এমদাদুল হক। তিনি শামীম ও সাইফুলকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে এমদাদুল সেখান থেকে চলে গেলে এএসআই আকিদুল দুজনকে আবার গাড়িতে তুলে বিভিন্ন জায়গায় ঘোরাতে থাকেন। রাত একটার দিকে তাঁদের আবার শ্যামলী সিএনজি পাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর এসআই এমদাদুল আবার সেখানে গিয়ে শামীমকে নিজের গাড়িতে তুলে নেন এবং সাইফুলকে আরেকটি গাড়িতে তুলে নেন এএসআই আকিদুল। রাত তিনটার দিকে তাঁদের নিয়ে যাওয়া হয় হেমায়েতপুরের ট্যানারি পুলিশ ফাঁড়িতে। এরপর দুজনকে দুটি কক্ষে রাখা হয়। সেখান থেকে টেলিফোনে টাকার জন্য তাঁদের পরিবারের সঙ্গে বারবার যোগাযোগ করতে থাকেন কর্মকর্তারা। তাঁদের ওপর শুরু হয় নির্যাতন। দুই কর্মকর্তা মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন এসআই সাজ্জাদ রোমনের সঙ্গে।

সাইফুল ইসলাম আরও জানান, রাত চারটা পর্যন্ত পাশের কক্ষ থেকে তিনি শামীমের চিৎকার শুনতে পান। এরপর শামীমের আর কোনো আওয়াজ পাননি। ভোরের দিকে পুলিশ কর্মকর্তারা সাইফুলকে জানান, শামীম মারা গেছেন। এরপর শামীমের লাশ একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান এসআই এমদাদুল ও এএসআই আকিদুল। সাইফুলকে ফাঁড়িতেই আটকে রাখা হয়। সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ফাঁড়িতে যান। সাইফুলকে সেখান থেকে নিয়ে এসে পুলিশি হেফাজতে রাখা হয়। দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। সন্ধ্যায় মামলার পর তাঁকে সাভার থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

শামীমের ছোট ভাই বিপ্লব সরকার অভিযোগ করেন, তাঁর ভাইকে আটক করার পর এসআই এমদাদ ও এএসআই আকিদুল তাঁর মুঠোফোনে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় পুলিশ তাঁকে নির্যাতন করে হত্যা করেছে। গতকাল দুপুরে পুলিশ জানায়, শামীমের লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতালে আছে।

বিপ্লব জানান, তাঁর ভাই জমি কেনাবেচার ব্যবসা করতেন। কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন না। মাস দেড়েক আগে সাভার গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা তাঁর ভাইকে ধরে নিয়ে গিয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি করার ভয় দেখান। পরে দেড় লাখ টাকা দিয়ে তাঁকে ছাড়ানো হয়।

শামীমের স্ত্রী ঝরনা বেগম প্রথম আলোকে বলেন, ‘রাত তিনটার দিকে শামীম আমার মুঠোফোনে কল করে বলে, “ওরা আমাকে মেরে ফেলল। তুমি দুই লাখ টাকা নিয়ে এসে আমাকে নিয়ে যাও।” এরপর শামীমের সঙ্গে আর কথা হয়নি।’

শামীমকে গ্রেপ্তার ও নির্যাতনের বিষয়ে জানতে চাইলে এসআই সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, তিনি দলের প্রধান হলেও শামীমকে আটক করার সময় উপস্থিত ছিলেন না।

আর আশুলিয়া থানার এসআই এমদাদুল হক শামীমকে আটকের পর সেখানে যাওয়ার কথা স্বীকার করেন। তবে আশুলিয়া থানায় কর্মরত থাকা অবস্থায় সাভার থানা এলাকায় কেন গিয়েছিলেন, জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সাভার থানায় গত মার্চ মাসে করা একটি মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামি ছিলেন শামীম। ওই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের হেফাজতে নির্যাতন বা মৃত্যুর বিষয়ে তিনি কিছু বলেননি।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান গতকাল সাভার থানায় সাংবাদিকদের বলেন, শামীমকে গ্রেপ্তার করেন এএসআই আকিদুল। এরপর পুলিশি হেফাজতেই শামীমের মৃত্যু হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে।

এসপি হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এসআই সাজ্জাদ রোমন ও এমদাদুল হক এবং এএসআই আকিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মামলার পর আকিদুল বাদে অপর আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।