এবার সি-ট্রাক বিকল, মনপুরা ফের বিচ্ছিন্ন
সি-ট্রাক বিকল হয়ে পড়ায় ভোলার মনপুরা উপজেলা আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপায় না পেয়ে ঈদ ও পূজায় ঘরমুখী যাত্রীরা ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে।১০ অক্টোবর রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তজুমদ্দিন-মনপুরা নৌপথে চলাচলকারী সি-ট্রাক এসটি শেখ রাসেল উপজেলার দাসেরহাট এলাকায় মেঘনা নদীতে ডুবে যাওয়ার পর সেটি গত ১৫ অক্টোবর উদ্ধার হয়। এর আগে ১৪ অক্টোবর থেকে ওই পথে এসটি শেখ কামাল যাত্রী পারাপার শুরু করে। কিন্তু ১৭ অক্টোবর সেটি বিকল হয়ে যায়।এসটি শেখ কামালের মাস্টার আমির হোসেন জানান, উদ্ধার করা সি-ট্রাকটি (শেখ রাসেল) ভেঙে চুরমার হয়ে গেছে। সেটি ডকইয়ার্ডে পাঠাতে হবে। এ ছাড়া এসটি শেখ কামাল বিকল হয়ে গেছে। সেটি সংস্কার করতে এখনো দুই-তিন দিন লাগবে। বিআইডব্লিটিসিএ ভোলার দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক শিহাবউদ্দিন বলেন, ‘মেসার্স জিয়াউর রহমানের মালিক জিয়াউর রহমানকে সি-ট্রাকটি ইজারা দেওয়া হয়েছে। বিকল হলে তিনিই সেটি সংস্কার করবেন। কিন্তু কেন করছেন না, তা খতিয়ে দেখতে হবে।’ ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ঈদের আগেই সি-ট্রাকটি চালু করার চেষ্টা করছি।’