এবার সিটি করপোরেশনের তিন কলেজে কেউ জিপিএ-৫ পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য কলেজগুলোর তুলনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নয়টি কলেজ জিপিএ-৫ এর দিক দিয়ে এমনিতেই পিছিয়ে রয়েছে।এর মধ্যে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) করপোরেশনের তিনটি কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই জিপিএ-৫ পাননি।গত বছরে এই তিনটি কলেজের একটি থেকে শুধু একজন জিপিএ-৫ পেয়েছিলেন। কলেজগুলো হচ্ছে আয়ুব বিবি সিটি করপোরেশন কলেজ, পোস্তারপাড় আছমা খাতুন সিটি করপোরেশন কলেজ ও কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন ডিগ্রি কলেজ। এর মধ্যে কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন ডিগ্রি কলেজ থেকে গত বছর একজন মাত্র জিপিএ-৫ পেয়েছিলেন।ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম নিজামী বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় সিটি করপোরেশনের কলেজগুলো এ বছর ভালো ফলাফল করেছে। গতবারের তুলনায় পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। এ ক্ষেত্রে ভবিষ্যতে যাতে আরও ভালো ফলাফল করা যায় সেই প্রচেষ্টা রয়েছে। আর পিছিয়ে পড়া কলেজগুলোর ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের নয়টি কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার অন্য কলেজগুলোর তুলনায় খুবই কম। এ বছর নিজস্ব কলেজগুলোর মধ্যে তুলনামূলকভাবে সে হার কিছুট বেড়েছে।এবার করপোরেশনের কলেজগুলোর সার্বিক পাসের হার ৮২ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন পরীক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৮৭ শতাংশ। তখন জিপিএ-৫ পেয়েছিলেন মাত্র ২২ জন। করপোরেশনের নয়টি কলেজের দুই হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে এ বছর পাস করেছেন দুই হাজার ৪১২ জন।গত বছর পরীক্ষার্থী ছিলেন দুই হাজার ৮১২ জন। এর মধ্যে পাস করেছেন দুই হাজার ২৪৬ জন। বোর্ডের শীর্ষ ২০ কলেজের মধ্যে কাপাসঘোলা সিটি করপোরেশন মহিলা কলেজ ১৮তম স্থান লাভ করে।