এবার সিরাজগঞ্জে ব্যবসায়ীসহ দুজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গত বুধবার রাতে একজন ফল ব্যবসায়ীকে তাঁর কর্মচারীসহ অপহরণ করা হয়েছে। এ ঘটনার পর অপহরণকারীরা মুক্তিপণ বাবদ দাবি করেছে ৮০ লাখ টাকা।
অপহূত ব্যক্তিরা হলেন উপজেলার বওড়াবাড়ী গ্রামের আবুল মণ্ডলের ছেলে ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (৫০) ও কর্মচারী শাহপুর গ্রামের রিয়াজুল ফকিরের ছেলে ইউসুফ আলী (২৫)।
প্রসঙ্গত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক গত বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে দুর্বৃত্তদের অস্ত্রের মুখে অপহূত হন। চাঞ্চল্যকর ওই ঘটনার মাত্র আট ঘণ্টা পরই বিপুল অঙ্কের টাকা দাবি করে ব্যবসায়ীসহ দুজনকে অপহরণের ঘটনাটি ঘটল।
পুলিশ ও অপহরণের ঘটনায় করা মামলার আরজি সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক রাত সাড়ে ১০টায় ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী পৌর শহরের মুকুন্দগাঁতী বাজারে তাঁর ফলের দোকান বন্ধ করে কর্মচারী ইউসুফ আলীকে নিয়ে রিকশাভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে সুবর্ণসারা পেট্রলপাম্পের কাছে পৌঁছালে ওত পেতে থাকা অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য ব্যক্তিগত গাড়িতে চড়ে এসে ভ্যানটির গতিরোধ করে। এ সময় অপহরণকারীরা তাঁদের দুজনকে ভ্যান থেকে নামিয়ে জোর করে গাড়িতে তুলে নেয়। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে সিরাজগঞ্জের দিকে চলে যায়।
সূত্রে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে অপহরণকারীরা ব্যবসায়ী আবু বক্করের স্ত্রীর রেজিয়া খাতুনের মুঠোফোনে কল করে মুক্তিপণ বাবদ ৮০ লাখ টাকার দাবি করে।
ব্যবসায়ীর ভাতিজা রুহুল আমিন বলেন, আবু বক্করের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তাঁদের জানা নেই। তবে অপহরণের কিছু আগে আবু বক্করের ফোনে একটি কল এসেছিল বলে ভ্যানচালক জানান। আবু বক্করের দুই ছেলে ও তিন মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপহূত ব্যবসায়ীর জামাই মাসুদ রানা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। অপহরণকারীরা একাধিকবার ফোন করে মুক্তিপণ চেয়েছে। ফোনের সূত্র ধরে পুলিশ কৌশলে অভিযান চালাচ্ছে। অপহরণকারীদের গ্রেপ্তারসহ অপহূত ব্যক্তিদের শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।