এবার সুপ্রিম কোর্টে আপিল করলেন মিন্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি
আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি

আসন্ন ঢাকা সিটি উত্তর করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে এবার সর্বোচ্চ আদালতে গেলেন বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু। মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের বিষয়ে আপিল করেছেন তিনি।

গতকাল সোমবার হাইকোর্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর করা রিট আবেদনটি খারিজ করে দেন। এরপর তিনি এর বিরুদ্ধে আপিল করেন। আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ৯ এপ্রিল এ আবেদনের ওপর শুনানি হবে বলে মিন্টুর আইনজীবী জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। মেয়র পদে নির্বাচনের জন্য মিন্টুর সমর্থনকারী আবদুর রাজ্জাক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার নন, এই যুক্তিতে গত ১ এপ্রিল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন আবদুল আউয়াল মিন্টু। গত শনিবার বিভাগীয় কমিশনার শুনানি শেষে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর প্রার্থিতা ফিরে পেতে রোববার হাইকোর্টে রিট আবেদন করেন মিন্টু। তাঁর সেই রিট আবেদনও খারিজ হয়ে যায়। এরপর আজ সুপ্রিম কোর্টে আপিল করলেন মিন্টু।

অন্যদিকে একই সিটির মেয়র পদপ্রার্থী মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ করায় সংক্ষুব্ধ হয়ে আপিল করেছে সোনালী ব্যাংক। তাদের আপত্তি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। ব্যাংকের দাবি, তাবিথ ঋণখেলাপি। আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই আপিলের শুনানি হবে। ফলে তাবিথের প্রার্থিতাও ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে উত্তর সিটিতে বিএনপি মেয়র পদপ্রার্থী নিয়ে আরও সংকটে পড়ল।