এবার সোনার চাবি উপহার পেলেন শেখ হেলাল
এবার বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিনকে দুই ভরি ওজনের সোনার চাবি উপহার দিয়েছে বাগেরহাট পৌরসভা। বাগেরহাট স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে গতকাল শনিবার বিকেলে শেখ হেলালের হাতে চাবি তুলে দেন পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান।বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শেখ হেলাল ১৯৯১ সাল থেকে বাগেরহাট পৌরসভাসহ জেলার উন্নয়নে বিশেষ অবদান রাখছেন। তার স্বীকৃতি হিসেবে পৌরবাসীর পক্ষ থেকে আমি তাঁকে সোনার চাবি উপহার দিয়েছি।’এর আগে গত শুক্রবার সকালে ফরিদপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে সাড়ে তিন কেজি ওজনের সোনার চাবি উপহার দেয় ফরিদপুর পৌরসভা।দুর্নীতির মামলায় শেখ হেলালের কারামুক্তি উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে জেলার উন্নয়নে ২৭ দফা দাবি পেশ করে বাগেরহাট জেলা আওয়ামী লীগ।দাবিগুলোর মধ্যে রয়েছে, পলি অপসারণসহ (ড্রেজিং) মংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধি, বাগেরহাটে পূর্ণাঙ্গ বিমান বন্দর ও পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ, বাগেরহাট পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা থেকে বিশেষ শ্রেণীর পৌরসভায় উন্নীতকরণ, বিসিক শিল্প নগরী সমপ্রসারণ, সদর হাসপাতালকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীতকরণ, লবনাক্ততা রোধে ঘসিয়াখালী খাল বন্ধ ও বলেশ্বরসহ সব নদী খনন প্রভৃতি। দাবিগুলো বাস্তবায়নে শেখ হেলাল কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ এম এ আওয়াল, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা প্রমূখ।