এবার স্কুলপ্রতি তিন হাজার টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দ দেওয়া ৩০ হাজার টাকা উত্তোলনে প্রাথমিক শিক্ষা কার্যালয়কে তিন হাজার করে টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৩টি কমিউনিটি, ২৩টি সরকারি ও ১১টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্য শিক্ষা অধিদপ্তর থেকে ৩০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এসব কাজ তদারকির কথা উপজেলা প্রকৌশল বিভাগ ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের। বরাদ্দ পাওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা কাজ না করেই বিল-ভাউচার দাখিল করেন। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তারা কাজ হয়েছে মর্মে বিল দেওয়ার সুপারিশ করেন। ৩০ জুন হিসাবরক্ষণ অফিস থেকে ভাউচারের মাধ্যমে বিল পাস করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, চেক নেওয়ার সময় ১০ শতাংশ হিসাবে তিন হাজার টাকা করে নিচ্ছে শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা। এ টাকা দেওয়ার পর তাঁদের চেক দেওয়া হচ্ছে। তবে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা করে চেক দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাস বলেন, এভাবে টাকা আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত ৮ জুলাই প্রথম আলোয় ‘কাজ না করেই বিল!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে গত ১৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।