এবার স্কুলশিক্ষক ও তাঁর ভাইকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় বখাটে যুবকের সঙ্গে মেয়েকে বিয়ে না দেওয়ায় স্কুলশিক্ষকের ঘর পোড়ানোর পর গত সোমবার আবার ওই শিক্ষক ও তাঁর ছোট ভাইকে বেদম মারধর করেছে সন্ত্রাসীরা। এতে শিক্ষকের গলার একটি হাড় ভেঙে গেছে। তাঁদের দুজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপদোন গ্রামের স্কুলশিক্ষক বারি আজাদের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী তামান্না আক্তারকে পার্শ্ববর্তী চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের খায়ের মিয়ার ছেলে আবদুল কাদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে তামান্নার মা-বাবার কাছে কাদের বিয়ের প্রস্তাব দিলে তাঁরা তা প্রত্যাখ্যান করেন। এতে কাদের নানাভাবে তামান্নার পরিবারকে হুমকি দেয়। তাঁরা ভীতসন্ত্রস্ত হয়ে মেয়ের পড়ালেখা বন্ধ করে দেন।গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা শিক্ষক আজাদের ঘরের চারপাশে কুটা ছিটিয়ে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তাঁরা মামলা করতে চাইলে কাদেরের বন্ধু রিয়াদ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে স্থানীয়ভাবে মীমাংসার চাপ দেয়। সোমবার সকাল পৌনে নয়টার দিকে রিয়াদ এ নিয়ে আজাদের ছোট ভাই জাহাঙ্গীর হোসেনকে তাঁর বাড়িতে গিয়ে আবার চাপ দিলে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রিয়াদ তাঁকে মারধর শুরু করলে আজাদ ছোট ভাইকে রক্ষায় এগিয়ে আসেন। রিয়াদ তাঁকেও বেদম মারধর করে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহে আলম সোমবার বিকেলে জানান, ঘরে অগ্নিসংযোগের ঘটনায় আবদুল কাদেরকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে এবং মারধরের ঘটনায় রিয়াদসহ তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।