এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার প্রতিবাদ ও এর বিচারের দাবিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও করতে গিয়ে লাঠিপেটার শিকার হওয়া আন্দোলনকারীরা এবার একই দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। ২০ মে ওই কর্মসূচি দেওয়া হয়েছে।
নারী লাঞ্ছনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার, ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদসহ ছয় দফা দাবিতে গতকাল মঙ্গলবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালনের পর এ ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে ছয় দফা দাবি মেনে নেওয়া না হলে ২০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে। ১৬ মে বিকেলে শাহবাগে হবে ছাত্র-শিক্ষক-অভিভাবক-জনতার সংহতি সমাবেশ।
ধর্মঘট সফল করতে গতকাল সকাল সাড়ে সাতটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে অবস্থান নেন প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা। তাঁরা কয়েকটি ভবনের ফটকে তালা লাগিয়ে দেন। সকালে পুলিশ প্রশাসনিক ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও কার্জন হলের তালা ভাঙার চেষ্টা করে। ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তবে সকালে কয়েকটি বিভাগে পরীক্ষা ও বিকেলে ক্লাস হয়েছে।
দুপুর পর্যন্ত কলা ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা স্লোগান ও বক্তব্য দেন। বেলা একটার দিকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক জানান, কয়েকটি স্থানে হামলা হলেও তাঁদের ডাকা ধর্মঘট সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। জগন্নাথ, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, বগুড়া আজিজুল হক কলেজসহ দেশের বেশির ভাগ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা হয়নি।
তারেক দাবি করেন, ধর্মঘটের সমর্থনে প্রচার চালানোর সময় গত সোমবার রাতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার আহ্বায়ক সুজয় চৌধুরীর ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্র ফ্রন্টের ওই বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষ্ণ বর্মণ, সহসম্পাদক শমিত ভৌমিক ও সদস্য অনিমেষ রায় আহত হন। ছাত্র ইউনিয়নের চট্টগ্রামের চন্দনাইশ থানা শাখার সভাপতি শ্রীকান্ত বৈদ্য ও সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তী বরকল এস জেড হাইস্কুলে ধর্মঘটের প্রচারে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন।
সংবাদ সম্মেলনে ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।
ধর্মঘটের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁদের বলেছি, যেসব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তার যেন বিঘ্ন না ঘটে।’
বিকেলে ছাত্র ইউনিয়নের উদ্যোগে ‘পাল্টা আঘাত’ ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে একটি সমাবেশ হয়।