এবার স্বাভাবিক সময়ের মতোই মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক নিসার হোসেন
ছবি: সংগৃহীত

প্রতিবছর পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪২৯-এর পয়লা বৈশাখ। দুই বছর পর এবার মঙ্গল শোভাযাত্রা অনেকটা চেনা রূপে ফিরছে। এবারের শোভাযাত্রার প্রস্তুতি, প্রতিপাদ্য ইত্যাদি বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার

প্রশ্ন :

প্রথম আলো: কেমন আছেন?

নিসার হোসেন: ভালো। আপনি কেমন আছেন?

প্রশ্ন :

প্রথম আলো: আমি ভালো আছি, ধন্যবাদ। মঙ্গল শোভাযাত্রার এবারের সার্বিক প্রস্তুতি কেমন?

নিসার হোসেন: করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে কোনো কিছু আয়োজন করা যায়নি। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা প্রতীকী মঙ্গল শোভাযাত্রা করেছি। এবার সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। এমনকি শিশুদের বিদ্যালয়গুলো পর্যন্ত খুলে গেছে। সে জন্য আমরা এবার স্বাভাবিক সময়ের মতোই মঙ্গল শেভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যে রাস্তায় আগে মঙ্গল শোভাযাত্রা হতো, সেই রাস্তায় মেট্রোরেলের কারণে এখন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এ ছাড়া করোনা পরিস্থিতি আবার আগের মতো হতেও পারে। সে ক্ষেত্রে সামাজিক দূরত্বের বিষয়টি আছে। এসব প্রতিবন্ধকতা থাকলেও মঙ্গল শোভাযাত্রা আয়োজনে যা যা লাগে—লোকবল, শিক্ষার্থী এবং সবার ভেতরে একটা উৎসাহ—এই সবই আছে। শুধু সময়টা খুব অল্প। তবু আমরা উদ্‌যাপনটা করছি। অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায়, ততটুকুই করা হবে।

প্রশ্ন :

প্রথম আলো: মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য কী থাকছে?

নিসার হোসেন: আমাদের মূল আয়োজনটি টিএসসি থেকে স্মৃতি চিরন্তন এলাকা ঘুরে আবার টিএসসিতে আসবে। করোনা থেকে যে আমরা একটা ইতিবাচক পরিস্থিতির দিকে যাচ্ছি, এটিকেই আমরা এবার মূল প্রতিপাদ্য করেছি। আমরা আশা বা কামনা করছি যে ‘নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে’। করোনাকালে যা কিছু আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দকে ব্যাহত করেছে, যা কিছু আমাদের জীবনকে মলিন করে দিয়েছে, সেগুলো মুছে যাক এবং আমাদের জীবন নির্মল ও মঙ্গলময় হয়ে উঠুক।

মূলত আমাদের লোকশিল্পের উপাদান, বিশেষ করে শিশুদের খেলনা ও পুতুল—এগুলোকে আমরা বড় করি। দুটি কারণে এগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আমাদের লোকশিল্পকে সংরক্ষণ করা দরকার; দ্বিতীয়ত, লোকশিল্পের মধ্যে কোনগুলো ধর্মনিরপেক্ষ বা সবার জন্য, সেগুলোকে চিহ্নিত করে বড় করে তুলে ধরা দরকার। একটা ধর্মনিরপেক্ষ জায়গা থেকে সাংস্কৃতিক ঐক্যের কথা চিন্তা করলে আমাদের ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক উপাদানগুলো বের করা দরকার। শিশুদের খেলনা, পুতুল—এগুলোর ক্ষেত্রে ধর্ম-সমাজের কোনো বিভাজন নেই। এগুলো সবার জন্য। এগুলো আমরা বড় করে করি। এবারও থাকছে।

প্রশ্ন :

প্রথম আলো: শোভাযাত্রা সামনে রেখে কোনো হুমকি বা ঝুঁকি আছে বলে মনে করছেন কি?

নিসার হোসেন: আমরা সব সময়ই হুমকি বা ঝুঁকি অনুভব করি। আগে সারা বছর ধরেই শিল্প-সংস্কৃতির বিরুদ্ধে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে প্রচুর প্রচারণা ছিল। ফলে বেশ বড় হুমকিই ছিল। এই হুমকির কথা ভেবেই প্রথম ক্যাম্পাস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২০১৬ সালে সিসিটিভির আওতায় আনা হয়। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে মঙ্গল শোভাযাত্রার সময়গুলোতে রীতিমতো আর্চওয়ে বসানো হয়েছে এবং তল্লাশি করে লোক ঢোকানো হতো। সুতরাং একটা ঝুঁকির মধ্যে তো আমরা ছিলামই। এখন ঝুঁকি কিছুটা কম মনে করছি। কারণ, গোটা দেশেই আইনশৃঙ্খলা একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবু ঝুঁকি তো থাকেই।