এবার স্বেচ্ছাশ্রমে পানি অপসারণের উদ্যোগ কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষকেরা বছরের পর বছর ধরে জলাবদ্ধ থাকা জমি থেকে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন। এতে কয়েক হাজার বিঘা জমি বোরো চাষের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সমন্বয়ক মুস্তফা লুৎফুল্লাহ জানান, পাঁচ বছর ধরে কপোতাক্ষের তীরবর্তী কলারোয়া উপজেলার জয়নগর, জালালাবাদ, যুগিখালী ও দেয়াড়া ইউনিয়নের জলাবদ্ধ প্রায় ১০-১২ হাজার বিঘা জমি অনাবাদি ছিল। গত বছর কৃষকেরা সমবায়ের ভিত্তিতে ৫০০ বিঘা জমির পানি নিষ্কাশন করে সফলতা পান। এবারও তাঁরা ব্যক্তি উদ্যোগ ও সমবায়ের ভিত্তিতে জলাবদ্ধ জমি সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন।কৃষকেরা জানান, তাঁরা গত বছরের মতো এবারও সমবায়ের ভিত্তিতে পানি নিষ্কাশন শুরু করেছেন। গত তিন সপ্তাহে জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশন করে তাঁরা এক হাজার বিঘা জমি বোরো চাষের আওত্তায় এনেছেন। আগামী ১৫ দিনের মধ্যে আরও এক হাজার বিঘা জমি থেকে পানি নিষ্কাশন সম্ভব হবে। ক্ষেত্রপাড়া গ্রামের আবদুল মান্নান, ভেরব সাহা, গাজনা গ্রামের ইসমাইল ধাবক জানান, তাঁরা ইতিমধ্যে শ্যালোযন্ত্র দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এতে তাঁদের বিঘাপ্রতি খরচ পড়ছে ৩০০-৪০০ টাকা। খরচের এই টাকা তাঁরা জমির মালিকদের কাছ থেকে সংগ্রহ করেছেন। ১৮টি শ্যালোযন্ত্র দিয়ে চলতি মাসে তাঁরা ক্ষেত্রপাড়া, গাজনা, রামকৃষ্ণপুর, মানিকনগর ও বসন্তপুর বিলের পানি নিষ্কাশন করে প্রায় ৩০০ বিঘা জমি বোরো আবাদের আওতায় এনেছেন।ক্ষেত্রপাড়া গ্রামের আজগর আলী মিস্ত্রি, রাজনগর গ্রামের তোতা মিয়া, মুরারী দাশ জানান, জলাবদ্ধতা নিরসনে ওই পাঁচ গ্রামের কৃষকদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে উত্তর ক্ষেত্রপাড়া, তালুন্দিয়া, তরুলিয়া, রাজনগর, পাইকপাড়া গ্রামের কৃষকেরা ১৫টি শ্যালোযন্ত্র দিয়ে তাঁদের এলাকার জলাবদ্ধ জমির পানি নিষ্কাশন শুরু করেছেন। আগামী এক মাসের মধ্যে এসব জমির পানি নিষ্কাশন করে তাতে বোরো ধানের আবাদ করা সম্ভব হবে। জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান বলেন, পানি সেচকাজে কৃষকদের পরিষদের পক্ষ থেকে বারবার উদ্বুদ্ধ করা হয়েছে। কৃষকেরা সেচ দিয়ে পানি নিষ্কাশন করে প্রায় এক হাজার বিঘা জমি বোরো চাষের উপযোগী করে তুলেছেন। আগামী ১৫-২০ দিনের মধ্যে আরও এক হাজার বিঘা জমি আবাদের আওতায় আসবে।