এবার স্লুইস গেট চুরি!
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এবার স্লুইস গেটের যাবতীয় সরঞ্জাম চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘাগড়া গ্রামের গুরুত্বপূর্ণ পাডঙ্গা খালের ওপর নির্মিত স্লুইস গেটের এসব সরঞ্জাম গেট ব্যবস্থাপনা কমিটির লোকজন চুরি করে নিয়েছেন। এ অবস্থায় সুখিয়া, চণ্ডিপাশা ও নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জরুরি বৈঠক করে স্লুইস গেট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অপারেটরসহ চার ব্যক্তির বিরুদ্ধে গত বুধবার পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসী জানান, এত দিন স্লুইস গেটের মাধ্যমে পাডঙ্গা খালের ধরে রাখা পানি দিয়ে চাষিদের সেচকাজ চলত। পানি নিয়ন্ত্রণ ও সেচ সুবিধার জন্য খালের ওপর নির্মিত থ্রি-ব্র্যান্ড (তিন দরজাবিশিষ্ট) স্লুইস গেটের তিনটি স্টিলের গেট ও যন্ত্রপাতি লোপাট হয়ে যাওয়ায় খালের সব পানি নেমে গেছে। এতে করে কৃষকেরা সেচের জন্য কোনো পানি পাচ্ছেন না। অভিযোগ থেকে জানা যায়, স্লুইস গেট রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত ‘পদ্মকুঁড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’র সভাপতি ও অপারেটর অভিনব কৌশলে গেটের যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। শেষে ৪ অক্টোবর স্টিলের তিনটি বিশাল গেট বিক্রি করার জন্য ট্রাকযোগে পুলেরঘাট বাজারে নিয়ে আসা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন যন্ত্রপাতি আটক করার পর পুলিশের উপস্থিতিতে এগুলো চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদে রাখা হয়। কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে অবস্থিত পদ্মকুঁড়ি বিল থেকে উৎপত্তি হয়ে সাত কিলোমিটার দীর্ঘ পাডঙ্গা খালটি সিংগুয়া নদীতে গিয়ে মিলিত হয়েছে। পাডঙ্গা খালের পূর্ব প্রান্তে চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে ২০০৫-০৬ অর্থবছরে দ্বিতীয় ক্ষুদ্র পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় বিদেশি অর্থায়নে কৃষি কাজের সুবিধার জন্য স্লুইস গেটটি নির্মাণ করা হয়। স্থানীয় এলজিইডি কাজটি বাস্তবায়ন করে। কাজটি শেষ করতে ৪৮ লাখ টাকা খরচ হয়। ২০০৮ সালে স্লুইস গেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় স্থানীয় পদ্মকুঁড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। এলাকাবাসী জানান, দুই সপ্তাহ আগে সমিতির সভাপতি মো. মাসুদ মিয়া নতুন গেট স্থাপন করা হবে এ কথা বলে তিনটি স্টিলের বড় গেটসহ যাবতীয় সরঞ্জামাদি খুলে ফেলতে অপারেটর মো. রেনু মিয়াকে নির্দেশ দেয়। রেনু মিয়া শ্রমিক নিয়োজিত করে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দিয়ে প্রতিটি ২০ থেকে ২৫ মণ ওজনের তিনটি স্টিলের গেট খুলে ট্রাকযোগে নিয়ে যান। পরে এগুলো পুলেরঘাট বাজারে লোকজন আটক করলে পুরো ঘটনা ফাঁস হয়ে যায়। বর্তমানে পাডঙ্গা খালের ওপর স্লুইস গেটের ইট সিমেন্টের তৈরি অবকাঠামো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, এ ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার জানান, নজিরবিহীন এ ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতে পাকুন্দিয়া থানাকে বলা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা গা-ঢাকা দিয়েছে। তদন্ত চলছে। পুরো তদন্ত শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।