এবার সড়ক হচ্ছে হাওরবেষ্টিত গ্রামে
গ্রামের চারদিকে হাওর, মাঝখানে বসতি। যাতায়াতে বর্ষায় নাও আর হেমন্তে পাও ছিল ভরসা। হবিগঞ্জের প্রত্যন্ত অমৃতা গ্রামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর বিদ্যুতের আলোয় আলোকিত। পাশাপাশি যাতায়াত-বিড়ম্বনা ঘোচার সুযোগও হলো।
সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গতকাল সকালে অমৃতা থেকে সমুদ্রফেনা পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ সরাসরি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে গ্রামে পল্লী বিদ্যুতায়নের আরেকটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুতায়নেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সূত্র ধরে গ্রামের যাতায়াত-বিড়ম্বনা ঘোচাতে সড়ক নির্মাণ ও বিদ্যুতায়িত হওয়ার প্রকল্প বাস্তবায়নে অমৃতা গ্রামবাসীর উন্নয়ন-বঞ্চনার অবসান হচ্ছে।
সকালে সড়ক প্রকল্পের উদ্বোধনকালে হবিগঞ্জ হাওর প্রকল্পের সহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন, বাহুবল উপজেলা প্রকৌশলী সুভাষ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে বিদ্যুতায়নের উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জের মহাব্যবস্থাপক সোলাইমান মিয়া।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে গ্রামবাসীকে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন সাংসদ। তিনি বলেন, হাওরবেষ্টিত গ্রাম হওয়ায় বাসিন্দারা যেন লড়াই করে জীবন যাপন করছেন।