এবার সড়কে চলতে হলেও টোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে সড়কে চলতে হলে টোল দিতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক যানবাহন চলাচলের জন্য টোল আদায়ের নিয়ম করেছে সরকার। এই টোলের পরিমাণ সর্বোচ্চ এক হাজার টাকা। সর্বনিম্ন পাঁচ টাকা। বড় বাস-ট্রাকের পাশাপাশি সাইকেল ব্যবহারের জন্যও টোল দিতে হবে। সড়ক ও সেতু থেকে আদায় করা টোল সড়ক উন্নয়ন তহবিলে যাবে; যা দিয়ে সড়ক কাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা হবে।

এসব নিয়ম-কানুন করে ‘টোল নীতিমালা ২০১৪’-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব কথা জানান।
সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের পাশাপাশি জাতীয় মহাসড়কের মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক’ নামে আরও একটি ক্যাটাগরি করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, সরকার বিভিন্ন সময় এসব ‘গুরুত্বপূর্ণ মহাসড়ক’ নির্ধারণ করবে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ‘বিশেষ গুরুত্বপূর্ণ মহাসড়ক’ হিসাবে চিহ্নিত। এসব সড়কের ওভারপাস, উড়ালসেতু (ফ্লাইওভার), সেতু, টানেল, ফেরি ছাড়াও একই ধরনের স্থাপনা টোল নীতিমালার আওতায় আসবে।
নীতিমালা অনুযায়ী ২০০ থেকে ৫০০ মিটার, ৫০১ থেকে ৭৫০ মিটার, ৭৫১ থেকে এক হাজার মিটার এবং এক হাজার মিটারের বেশি দৈর্ঘ্যের জন্য আলাদা টোল নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যেখানে ফেরি আছে সেখানে স্থায়ী সেতু হলে দৈর্ঘ্য যা-ই হোক, কমপক্ষে এক বছরের জন্য তা টোলের আওতায় আসবে।
সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে কোনো সড়ক, সেতু বা এ ধরনের অন্য স্থাপনা হলে তাও টোলের আওতায় আসবে। সেতু ও ফেরির ক্ষেত্রে টোল নির্ধারণে চারটি ‘স্ল্যাব’ নির্ধারণ করা হয়েছে।
সড়কের ক্ষেত্রে তিন ক্যাটাগরিতে ‘ভিত্তি টোল’ নির্ধারণ করা হয়েছে। জেলা সড়কের ভিত্তি টোল ধরা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া আঞ্চলিক মহাসড়কের ভিত্তি টোল ২০০ টাকা, জাতীয় মহাসড়ক ৩০০ টাকা এবং জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলোকে সরকার গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করবে সেগুলোতে ভিত্তি টোল হবে ৪০০ টাকা।
গুরুত্বপূর্ণ মহাসড়কের ভিত্তি টোল নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। অর্থাত্ এসব সড়কে সাধারণ ট্রাক চালাতে ৪০০ টাকা টোল দিতে হবে।
আর ভারী ট্রাককে দিতে হবে ভিত্তি টোলের দ্বিগুণ, অর্থাত্ ৮০০ টাকা। গুরুত্বপূর্ণ মহাসড়কে বড় বাসের টোল হবে ভিত্তি টোলের ৯০ শতাংশ, মিনি ট্রাকের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং মাইক্রোবাসের ক্ষেত্রে ৪০ শতাংশ। এ ছাড়া ১৩টি শ্রেণীতে যানবাহনের জন্য আলাদা আলাদা টোল নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সড়কভেদে তিনভাবে টোল আদায় করার কথা বলা হয়েছে নীতিমালায়। বড় গুরুত্বপূর্ণ মহাসড়কের জন্য ‘অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট’ পদ্ধতিতে টোল আদায় করা হবে, যা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। বঙ্গবন্ধু সেতুতে বর্তমানে এ পদ্ধতিতেই টোল আদায় করা হচ্ছে। অন্য ক্ষেত্রে উন্মুক্ত নিলামের মাধ্যমে টোল আদায় করা হবে। নিলামে টোল আদায় করা না গেলে বিভাগীয় সিদ্ধান্তে টোল আদায় করা হবে। তবে এটি সাময়িক ব্যবস্থা। দুটি সেতু কাছাকাছি হলে সময় বাঁচাতে এবং যানজট কমাতে দুই সেতুর টোল এক জায়গায় সংগ্রহ করা হবে।
মোশাররাফ বলেন, প্রতি তিন বছর পর পর টোলের হার পর্যালোচনা ও সংশোধন করা হবে। টোলের বিদ্যমান হার বাড়লেও বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। বর্তমানে আদায় করা টোলের পরিমাণ আমাদের জিডিপির তুলনায় অনেক কম।
এ নীতিমালা বাস্তবায়নের কোনো তারিখ বেঁধে দেওয়া হয়নি জানিয়ে সচিব বলেন, সড়ক বিভাগ তাদের সুবিধামতো সময়ে পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করবে। এটা রাতারাতি বাস্তবায়ন করা যাবে না। টোল আদায় করার জন্য এক ধরনের অবকাঠামো লাগে, টেন্ডারিং করতে হবে, আরো নানা প্রক্রিয়া রয়েছে।
সচিব আরও বলেন, টোল আদায়ের পদ্ধতিকে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী করতেই এ নীতিমালা। টোল আদায় পদ্ধতির সঙ্গে মনিটরিং ব্যবস্থাও শক্তিশালী করা হবে।
দেশে বিশাল সড়ক নেটওয়ার্ক আছে। সড়ক অবকাঠামো উন্নয়ন সরকারের প্রায়োরিটি প্রোগ্রাম। এর পাশাপাশি রক্ষণাবেক্ষণও গুরুত্বপূর্ণ। মন্ত্রিপরিষদ সচিব জানান, টোলের হার বাড়ানো ছাড়াও এ নীতিমালা প্রয়োজনে সংশোধনের বিধান রাখা হয়েছে।
টোল আরোপযোগ্য স্থাপনা চিহ্নিত করে কীভাবে আদায় করা হবে, টোলের টাকা কীভাবে ও কোথায় জমা হবে, কোনো নির্ণায়কের ভিত্তিতে টোল নির্ধারণ করা হবে—এসব বিষয়ে নীতিমালায় উল্লেখ করা হয়েছে বলে জানান সচিব।