এবার হজে যেতে পারবেন এক লাখ ২০ হাজার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী হজে বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার ব্যক্তি হজ পালনের সুযোগ পাবেন। এ ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে।চুক্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১০ হাজার ব্যক্তি হজ করতে যেতে পারবেন।গতকাল মঙ্গলবার সচিবালয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।এবার হজযাত্রীদের বিমানভাড়া বাড়বে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভাড়া বাড়বে না। এ জন্য বিমান মন্ত্রণালয়ের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের যোগাযোগ চলছে। তাদের সঙ্গে আলোচনা করেই বিমানভাড়া নির্ধারণ করা হবে।বাংলাদেশ থেকে গত বছর এক লাখ পাঁচ হাজার ৬০৮ জন হজ পালনের সুযোগ পেয়েছিলেন, যা তার আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।হজযাত্রীর সংখ্যা দ্বিগুণ হওয়াকে সরকারের সাফল্য হিসেবে দাবি করেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও হয়রানি বন্ধ হওয়ায় প্রতিবছর হজ পালনে আগ্রহী মুসল্লির সংখ্যা বাড়ছে। হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর ও সুষ্ঠু করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।প্রতিমন্ত্রী বলেন, গত বছর হজে গিয়ে ৭৫৮ জন বাংলাদেশি ফেরেননি। যে ১০টি হজ এজেন্সির মাধ্যমে এসব ব্যক্তি সৌদি আরবে গিয়েছিলেন, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।