এবার হত্যাকারী সম্পর্কে নিশ্চিত মুজাহিদ বিচার বিভাগীয় তদন্ত চাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আর বিচার বিভাগীয় তদন্ত চাইলেন না জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তদন্তের দাবি না করে তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের নেতা পুলিশের গুলিতে মারা গেছেন। এই ঘটনা, রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে এবং শিবিরের গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।গতকাল বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুজাহিদ এ কর্মসূচি ঘোষণা করেন। গত বুধবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জে ফারুক হত্যা মামলার আসামি শিবির নেতা হাফিজুর রহমান ওরফে শাহীন নিহত হন। গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগ-কর্মী ফারুক নিহত হওয়ার ঘটনার পর মুজাহিদ বলেছিলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাঁদের জানা নেই। সত্য উদ্ঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছিলেন তিনি।গতকাল সাংবাদিকেরা মুজাহিদের কাছে জানতে চান, ছাত্রলীগ-কর্মী ফারুককে শিবির হত্যা করেছে—এমন অভিযোগ থাকাতেই তিনি বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলেন কি না। আর শাহীন শিবিরের নেতা বলে তিনি সরাসরি পুলিশকে অভিযুক্ত করছেন কি না। জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘গতকাল আমি বক্তব্য দিয়েছি যেহেতু এই বিষয়ে তারা (সরকার) আমাদের দোষী সাব্যস্ত করে বক্তব্য দিয়েছে। আর এবার পুলিশ বিচার বিভাগীয় তদন্ত করুক, আমাদের আপত্তি নেই।’শাহীন ওই বাড়িতে কেন গিয়েছিলেন—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘প্রথমত, তারা একই সংগঠন করে। দ্বিতীয়ত ইন্টারমিডিয়েটে (উচ্চমাধ্যমিক) তারা একই কলেজে পড়েছে। সে কি বন্ধুর বাসায় থাকতে পারে না? আমরাও তো বন্ধুর বাসায় গিয়ে থাকি।’শাহীনের বিরুদ্ধে মামলা আছে কি না—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘এটা আমার জানা নেই। তবে নতুন মামলা দিতে পারে। যেভাবে অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে, তাতে যেকোনো সময় মামলায় ঢুকিয়ে দেওয়া ব্যাপার না।’ ফারুক হত্যা মামলার ১৬ নম্বর আসামি শাহীন—বিষয়টি মনে করিয়ে দিলে তিনি বলেন, ‘আসামি করলেই রাতের বেলা গুলি করে হত্যা করা যায় না।’ এরপর একজন সাংবাদিক মুজাহিদের কাছে দুই ঘটনায় জামায়াতের দুই ধরনের অবস্থান বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মুজাহিদ বলেন, ‘আমার কোনো কনট্রাডিকশন (দ্বিমুখী নীতি) নাই। আপনিই বরং যেটা শিবিরের বিপক্ষে যায়, সেখানে এক রকম কথা বলেন; আর যেটা পক্ষে যায়, সেখানে অন্য রকম কথা বলেন।’ফারুক হত্যা মামলার আসামি শিবিরকর্মী শাহীন গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি মাহফুজ পারভেজের বাড়িতে গুলিবদ্ধ হয়ে মারা যান। মুজাহিদ অভিযোগ করেন, পুলিশ গভীর রাতে মাহফুজ পারভেজের বাড়িতে ঢুকে শাহীনের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাঁকে গুলি করে হত্যা করে। পুলিশ অবশ্য বলেছে, ছাত্রশিবিরের ছেলেরাই তাঁকে হত্যা করে পালিয়ে গেছে। এই ঘটনায় মাহফুজ পারভেজকে গ্রেপ্তারও করা হয়েছে। মুজাহিদ দাবি করেছেন, শাহীন হত্যার ঘটনায় স্বীকারোক্তি নেওয়ার জন্য পুলিশ মাহফুজকে নির্যাতন করেছে। এ তথ্য কোত্থেকে জানলেন—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘ওখানকার আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমাদের জানাচ্ছে। আমি যে বর্ণনা দিয়েছি সেটি সঠিক বর্ণনা। বন্দুকের নল গলায় ঠেকিয়ে গুলি করা হয়েছে।’সংবাদ সম্মেলনে মুজাহিদ রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে গ্রেপ্তারেরও প্রতিবাদ জানান। তিনি বলেন, আতাউর রহমান কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটিকে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।ছাত্রলীগ-কর্মী ফারুক হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীদের নিরীহ দাবি করে তাঁদের মুক্তিও দাবি করেন জামায়াতের সেক্রেটারি।কর্মসূচি: জামায়াত আজ শুক্রবার সব মহানগরে ও আগামীকাল শনিবার সব জেলা কেন্দ্রে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে।