এবার হাসিমুখে বাড়ি ফিরলেন তাঁরা
পাবনার বেড়া উপজেলার গরু ব্যবসায়ীরা কোরবানির পশুর হাটে গরু বিক্রি করে পরপর তিন বছর লোকসান দিয়েছেন। এবারও লোকসানের ভয়ে ছিলেন তাঁরা। ভয়ে ভয়েই ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার হাটে তাঁরা গরু নিয়ে গিয়েছিলেন। তবে এবার হাসিমুখে বাড়ি ফিরেছেন তাঁরা।
গরু ব্যবসায়ী আট-নয়জনের সঙ্গে কথা বলে জানা যায়, বেড়া উপজেলায় দেড় শতাধিক ব্যক্তি গরু ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরা কোরবানি উপলক্ষে এক-দেড় মাস আগে থেকে গরু কেনা শুরু করেন। স্থানীয় হাট ও খামারিদের বাড়ি বাড়ি ঘুরে গরু কিনে তাঁরা নিজেদের অস্থায়ী গোয়ালে এনে রাখেন। এরপর ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাটে গরুগুলো বিক্রির জন্য নিয়ে যান। গরু বিক্রি করে বেশির ভাগ ব্যবসায়ী ঈদুল আজহার আগের দিন অথবা ঈদের দিন বাড়ি ফেরেন। আর গরু বিক্রি না হলে বা লোকসান হলে পাওনাদারের ভয়ে অনেক গরু ব্যবসায়ী ঈদের এক-দেড় মাস পরেও বাড়ি ফিরতে পারেন না। গত বছর বেশির ভাগ গরু ব্যবসায়ীর ক্ষেত্রে এমন অবস্থা হয়েছিল। এবার প্রায় সব ব্যবসায়ী যথাসময়ে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ করেছেন।
বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার গরু ব্যবসায়ী আবদুল মোমিন বলেন, তিনি এবার ১০০টি গরু ঢাকার হাটে নিয়ে গিয়েছিলেন। ঈদের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে তাঁর সব গরু বিক্রি হয়ে যাওয়ায় তিনি ওই দিনই বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন। মোমিন বলেন, ‘গতবার ব্যাপারীরা হাটের থ্যা কাঁদতি কাঁদতি বাড়ি আইছে। আর এবার বেশির ভাগ ব্যাপারীই কম-বেশি আনন্দ নিয়্যা বাড়ি আইছে।’
তবে গরু ব্যবসায়ীরা অভিযোগ করেন, ঢাকার সব হাটের চিত্র এক রকম ছিল না। কোনো কোনো হাটে চাহিদা বেশি থাকায় ভালো দামে ব্যবসায়ীরা গরু বিক্রি করেছেন। সেসব হাটে গরু শেষ হয়েছেও তাড়াতাড়ি। কিন্তু কয়েকটি হাটে গরুর সংখ্যা অনুযায়ী চাহিদা কম ছিল। সেসব হাটে ঈদের পরেও অনেক গরু অবশিষ্ট ছিল। এ হাটগুলোতে গরু ব্যবসায়ীদের খুব একটা লাভ হয়নি। এসব হাট থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে অন্য হাটে যেতে চাইলেও হাটমালিকেরা তা করতে দেননি।
বেড়ার সবচেয়ে বড় গরু ব্যবসায়ী বলে পরিচিত পৌর এলাকার পায়না মহল্লার আসাদুল্লাহ বলেন, ‘এবার গরুর বাজার একেক দিন একেক রকম গেছে। এবার ১৭৫টা গরু ঢাকার হাটে আনছিল্যাম। সব মিলায়া কিছু লাভ হইছে। তবে গতবারে যে পরিমাণ লস খাইছি, তার তুলনায় এবারের লাভ কিছুই না।’
এদিকে এবার খামারিরাও ভালো দাম পেয়েছেন। গত দু-তিন বছরে খামারিদেরও লোকসান হয়েছিল। তাই কোরবানি সামনে রেখে এবার এই উপজেলায় গরু লালন-পালন কম হয়েছিল। ভালো দামে গরু বিক্রি হতে দেখে খামারিদের মধ্যে গরু পালনের আগ্রহ ফিরে এসেছে।
বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার খামারি ও বেড়া কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ বলেন, ‘এবার সব খামারিরই কিছু না কিছু লাভ হইছে। আমি আমার বাড়িতে তিনটা গরু চার মাস পালন করে ৪০ হাজার টাকা লাভ পাইছি।’