এবার হুইপের সংবর্ধনায় রাস্তায় শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত আর বয়স—চার, সাড়ে চার বা পাঁচ বছর। মুখে ক্লান্তি, চাহনিতে অসহায়ত্ব। কোমলমতি এসব শিশুকে শীতের মধ্যে রাস্তায় দাঁড় করিয়ে গতকাল জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে  ওই সংবর্ধনার আয়োজন করা হয় কল্যাণ প্রসূন
কত আর বয়স—চার, সাড়ে চার বা পাঁচ বছর। মুখে ক্লান্তি, চাহনিতে অসহায়ত্ব। কোমলমতি এসব শিশুকে শীতের মধ্যে রাস্তায় দাঁড় করিয়ে গতকাল জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে ওই সংবর্ধনার আয়োজন করা হয় কল্যাণ প্রসূন

সংবর্ধনা বা এ-জাতীয় কোনো কাজে খুদে শিক্ষার্থীদের ব্যবহার বন্ধে সম্প্রতি জারি করা হয়েছে পরিপত্র। কিন্তু তা যেন মানতে পারছেন না মন্ত্রী-সাংসদেরা। এবার সরকারি বিধি অমান্য করে জাতীয় সংসদের হুইপের সংবর্ধনায় আবারও রাস্তায় নামানো হলো কোমলমতি শিক্ষার্থীদের।
হুইপ মনোনীত হওয়ায় মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনকে গতকাল শনিবার জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে ওই সংবর্ধনা দেওয়া হয়। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে আয়োজন করা হয় এই সংবর্ধনার। শাহাব উদ্দিনকে স্বাগত জানাতে জুড়ি-কুলাউড়া-বড়লেখা সড়কের এক পাশে দাঁড় করিয়ে রাখা হয় ‘শিশু শিক্ষা একাডেমি’ নামের একটি প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের। তবে সংবর্ধনা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান এই প্রতিবেদকের কাছে ‘ভুল’ স্বীকার করে আর এ ধরনের কাজ হবে না বলে জানান।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া একটার দিকে খুদে শিক্ষার্থীরা হাতে হাত ধরে ব্যস্ত ওই সড়কটিতে দাঁড়িয়ে আছে। কয়েকজন শিক্ষক বেত হাতে শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে দাঁড় করানোর কাজ তদারক করছেন।
রাস্তায় কেন দাঁড়িয়ে আছ—এমন প্রশ্ন করলে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী বলে, ‘একজন বড় মানুষ আইব। এর লাগি স্যারেরা নিয়া আইছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে হুইপ শাহাব উদ্দিনের গাড়িবহর জুড়ী পৌঁছায়। এর আধা ঘণ্টা আগে থেকে এসব শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আজিরউদ্দিন।
এ ব্যাপারে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক খোরশেদা বেগম বিকেলে মুঠোফোনে বলেন, ‘সংবর্ধনায় খুদে শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে রাখায় সরকার যে নিষেধ (পরিপত্র জারি) করেছে, তা আমার জানা ছিল না। পরে জেনেছি। ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর এমন হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওই পরিপত্রের ব্যাপারে জানানো হয়েছে। এর পরও এ ঘটনা ঘটায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি খুদে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে মন্ত্রী-সাংসদদের সংবর্ধনা নেওয়ার হিড়িক পড়ার পর শিক্ষার্থীদের ব্যবহার বন্ধে সরকারি পরিপত্র জারি করা হয়।