
সড়কের পাশে ফুটপাতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে তরমুজ। গরমের এই ফল এবার হেমন্তেই চলে এসেছে কক্সবাজারের টেকনাফের হাটবাজারে। অসময়ের তরমুজের স্বাদ নিতে ক্রেতারাও কিনছেন। তবে দাম চড়া।
কৃষকেরা জানান, অন্য বছরের তুলনায় এবার টেকনাফের চাষিরা আগেভাগে তরমুজের চাষ শুরু করেন। ফলে বাজারে এসেছে তাড়াতাড়ি। টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্টেশন ও থানা মোড় এলাকায় কয়েক দিন ধরেই বিক্রি হচ্ছে তরমুজ। এসব ফল উৎপাদিত হচ্ছে বাহারছড়ার পাহাড়ি ঢালু জমিতে। এই তরমুজ স্বাদে মিষ্টি, মাঝারি ও একটু ছোট আকারের।
উপসহকারী কর্মকর্তা শফিউল আলম কুতুবী জানান, মৌসুমের কয়েক মাস আগেই হাটবাজারে তরমুজ আসায় বিক্রিও হচ্ছে ভালো। গাঢ় লাল রঙের ও মিষ্টি স্বাদের এই তরমুজের কদর আছে ক্রেতাদের কাছে। সাধারণত নভেম্বর মাসের শেষের দিকে তরমুজ চাষ শুরু হওয়ার কথা রয়েছে। অসময়েই বাজারে তরমুজ আসায় অবাক হওয়ারও কিছু নেই।
গত মঙ্গলবার দুপুরে পৌরসভার পুরাতন বাসস্টেশন ও থানার মোড়ে দেখা গেছে, বাসস্টেশন পানির ফোয়ারা চত্বরে একটি খোলা িজপ গাড়িতে করে দেড় হাজার তরমুজ নিয়ে আসেন স্থানীয় ফল ব্যবসায়ী কালা মিয়া (৪২), আব্দুল্লাহ (৩৮) ও আব্দুর রহিম (৩২)। তাঁরা তরমুজগুলো এবি ব্যাংকের সামনে ফুটপাতে খালাস করে বিক্রি করা শুরু করেন। অল্প সময়ের মধ্যে প্রায় দুই শতাধিক তরমুজ বিক্রি হয়ে যায়।
কালা মিয়া জানান, উপজেলার বাহারছড়ার পাহাড়ি ঢালু জমিতে আগাম তরমুজের ফলন ভালো হয়েছে। খেতে তরমুজ পেকে যাওয়ার খবর পেয়ে অন্য ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে বেশি দামে কিনতে হয়েছে, তাই একটু চড়া দামে বেচতে হচ্ছে।
কালা মিয়া খেত থেকে ছোট ও মাঝারি আকারের প্রতি ১০০ তরমুজ ১৫ হাজার টাকায় কিনে এনেছেন। অর্থাৎ প্রতিটি তরমুজের দাম পড়েছে গড়ে ১৫০ টাকা করে। সেই তরমুজ শহরে বিক্রি করছেন ১৭০ থেকে ৩০০ টাকায়।
নাফ পেপার বিতানের এজেন্ট আবদুল গণি ৬০০ টাকা দিয়ে কিনলেন দুটি মাঝারি আকারের তরমুজ। তিনি বলেন, ‘দাম চড়া হলেও বছরের নতুন ফল আগাম বাজারে এসেছে বলে কিনেছি।’
আরেক ক্রেতা টেকনাফ স্থলবন্দরে ব্যবসায়ী মোহাম্মদ সেলিম বলেন, ‘বাজারে প্রায় সব ফলই বিষ মেশানো। এ ক্ষেত্রে তরমুজ ব্যতিক্রম। তরমুজে ভেজাল নেই। এ জন্য একসঙ্গে দুটি কিনলাম।’
বাহাছড়ার চাষি আজিজুর রহমান (৪২) জানান, অন্যান্য স্থানের তুলনায় এখানকার চাষিরা তিন থেকে চার মাস আগে তরমুজ চাষে নামেন। কারণ ওই সময় বৃষ্টি হলেও পাহাড়ি ঢালু জমিতে পানি জমে না থাকায় চাষাবাদ শুরু করা হয়। এক কানি (৪০ শতক) জমির তরমুজ খেতে ২ হাজার ২০০টি তরমুজের থালি করা হয়। প্রতি কানিতে সার, বীজ ও শ্রমিক বাবদ প্রায় ৪০-৫০ হাজার টাকা খরচ পড়ছে। ভালো ফলন হওয়ায় এই চাষি ইতিমধ্যে ১ লাখ ৯০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। খেতের বাকি তরমুজ বিক্রি করে আরও দেড় থেকে দুই লাখ টাকা পাওয়ার আশা করছেন।
টেকনাফ উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৯০০ একর জমিতে তরমুজের চাষ হয়েছিল। এর মধ্যে চলতি মৌসুমের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি টিলায় প্রায় ২২ একর জমিতে আগাম তরমুজের চাষাবাদ হয়। আমন ধান কাটা শেষ হলে পুরোদমে তরমুজ চাষ শুরু হবে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পাহাড়ি টিলার ঢালু জমিতে আগাম তরমুজের চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় চাষিরা খুশি।
তিনি আরও বলেন, সাধারণত আগাম তরমুজ ফেব্রুয়ারি-মার্চ মাসে বাজারে আসে। এবার আরও আগে চলে এসেছে। এতে করে স্থানীয় ভোক্তারা হেমন্তকালে তরমুজের স্বাদ নিতে পারছেন।