এবার ১০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাউবোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙ্গালী নদী গিলছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরগোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন। ২০০২ সালে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি রক্ষায় গত তিন বছরে পাউবো ব্যয় করেছে প্রায় ৬০ লোখ টাকা। তবু রক্ষা হচ্ছে না ভবনটি। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l সোয়েল রানা
বাঙ্গালী নদী গিলছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরগোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন। ২০০২ সালে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি রক্ষায় গত তিন বছরে পাউবো ব্যয় করেছে প্রায় ৬০ লোখ টাকা। তবু রক্ষা হচ্ছে না ভবনটি। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l সোয়েল রানা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ টাকার দ্বিতল ভবন বাঙ্গালী নদীর ভাঙন থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ৬০ লাখ টাকা ব্যয় করেছে। ওই এলাকার ভাঙন ঠেকাতে আরও প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠানো হয়েছে।

৩৯ বছরের পুরোনো বিদ্যালয়টি রক্ষায় নতুন করে ৫ কোটি টাকা ব্যয় করে নদীর তীরে বালুভর্তি চটের বস্তা ও সিনথেটিক ব্যাগ ফেলা শুরু করেছে পাউবো। তবে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ অংশে এসব বস্তা ফেলায় এই টাকা কার্যত জলে ঢালা হচ্ছে।

স্থানীয় লোকজন ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে স্থাপিত বিদ্যালয়টিতে ২০১২ সালে ২২ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। এরপর থেকেই নদীর ভাঙন শুরু হয়। এক সপ্তাহ ধরে নদী দ্রুত ধেয়ে আসছে বিদ্যালয়ের দিকে। গত সোমবার পর্যন্ত বিদ্যালয়ের ভবনটি অক্ষত ছিল। মঙ্গলবার মধ্যরাতে নদী ফুঁসে উঠে আঘাত হানে ভবনে। বুধবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান সম্ভব হয়নি। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিদ্যালয়ে এখন ১৪৯ জন শিক্ষার্থী আছে। ইতিমধ্যেই নদীগর্ভে বিদ্যালয়টির প্রায় এক বিঘা আয়তনের খেলার মাঠটি বিলীন হয়েছে। বিদ্যালয় ভবনের অর্ধেক অংশের মেঝের মাটিও ধসে গেছে। এখন ভবনটি কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পাউবোর ঠিকাদারের লোকজন বিদ্যালয়ের বিলীন হওয়া মাঠের কাছাকাছি নদীর তীর থেকে বালু তুলে পুরোনো চটের বস্তায় ভরে তীরের কাছাকাছি ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহফুজার রহমান বলেন, ভাঙন ঠেকানোর জন্য অনেক ধরনা দেওয়া হয়েছে। কিন্তু তীরে বালির বস্তা ফেলা ছাড়া পাউবো কোনো উদ্যোগ নেয়নি। দুই বছর আগেও এখানে অর্ধকোটি টাকা ব্যয় করা হয়েছে। সিসি ব্লক ছাড়া এভাবে ভাঙন ঠেকানো সম্ভব নয়।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স্বাধীন ও আলিফ এ সময় বিদ্যালয়ের আশপাশে ঘুরঘুর করছিল। স্বাধীন বলে, ‘হামাকেরে ইশকুল নদী গিলে খাচ্ছে। ক্লাস হচ্ছে না।’

চর গোদাগাড়ি গ্রামের লোকজনের ভাষ্যমতে, বিদ্যালয়-সংলগ্ন মাত্র ১০০ মিটার নদীর তীর রক্ষায় শুষ্ক মৌসুমে খোঁজ থাকে না পাউবোর। তবে প্রতিবছর বর্ষা এলেই ভাঙন রক্ষায় তীরে বালুর বস্তা ফেলে মেরামতের তোড়জোড় চলে। ভবনটি রক্ষার নামে গত ১০ বছরে প্রায় ১ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

পাউবোর ঠিকাদার এ কে এম বজলুর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের ভবনটি রক্ষায় তীরবর্তী ১০০ মিটার অংশে জরুরি মেরামতকাজের অংশ হিসেবে পাউবোর নির্দেশে বালুর বস্তা ফেলা হচ্ছে। এ ছাড়া বাঁশের বেড়া দিয়ে নদী থেকে বালু তুলে ও পাইলিং করে তীর রক্ষার কাজ শুরু করা হয়েছে। এ কাজে কত ব্যয় হবে, সেটা কাজ শেষে হিসাব হবে। ২০১৪-১৫ অর্থবছরেও এ অংশে ভাঙন ঠেকাতে তাঁর মাধ্যমে ৫০ লাখ টাকার কাজ করেছে পাউবো।

পাউবোর বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, বাঙ্গালী নদীর বগুড়া অংশে ২২টি ভাঙনপ্রবণ বাঁক রয়েছে। এর একটি হচ্ছে চর গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ১০০ মিটার। গত তিন বছরে এই অংশে সংস্কার ও মেরামত তহবিল থেকে জরুরি সংস্কার কাজে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে ২০১৫ সালে অর্ধকোটি, গত বছর ৭ লাখ ও এবার ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু ভাঙন ঠেকানো যাচ্ছে না। বিদ্যালয়-সংলগ্ন এই ১০০ মিটার অংশে ১০ কোটিসহ নদীটির ১২টি ভাঙনপ্রবণ অংশে তীর রক্ষায় ১০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্প অনুমোদন হলে বিদ্যালয়টির ভবন রক্ষা সম্ভব হবে।

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম বলেন, বিদ্যালয়ের ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাউবো নদীতীর মেরামতের কাজ করলেও বিদ্যালয় রক্ষার সম্ভাবনা খুবই কম।