এবার ১০ দিন আগের টিকিটেরও চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার আগের পাঁচ দিনের নয়, ১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিটেরও চাহিদা দেখা যাচ্ছে এবার। গতকাল বুধবার ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এই চাহিদা দেখা গেছে। এর কারণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে।
গতকাল আন্তনগর ট্রেনের ১১ অক্টোবরের যাত্রার টিকিট বিক্রি হয়েছে। রেলওয়ে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করবে। প্রতিবারের মতো গতকালও টিকিটপ্রত্যাশীদের লম্বা সারি ছিল কমলাপুর স্টেশনে। অনেকে গত মঙ্গলবার রাতেই সারিতে দাঁড়িয়েছিলেন। তবে ১১ অক্টোবরের আগের টিকিটের জন্য হাহাকার দেখা গেছে চলতি কাউন্টারের সামনে। এগুলোতে দিনভর মানুষের ভিড় দেখা গেছে। কারণ, দুর্গাপূজা।
টিকিট কাটতে আসা অনেকে বিক্রির প্রক্রিয়ায় ধীরগতির এবং চাহিদামতো টিকিট না পাওয়ার অভিযোগ করেন। আজ বৃহস্পতিবার বিক্রি হবে ১২ অক্টোবরের অগ্রিম টিকিট।
রেলওয়ের কর্মকর্তারা জানান, অগ্রিম টিকিটের জন্য মানুষের ভিড় থাকলেও অন্যবারের তুলনায় কিছু কম। কারণ, এবার পূজা, ঈদ আর সাপ্তাহিক বন্ধ মিলে লম্বা ছুটির সুযোগ রয়েছে। ১৩, ১৪ ও ১৫ অক্টোবরের টিকিটের চাহিদা বেশি।
এদিকে ছুটি অনেক আগে শুরু হওয়ায় বাসের কাউন্টারগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। অধিকাংশ পরিবহন কোম্পানির কর্মকর্তারা জানান, পোশাক কারখানায় ছুটি হলে চাপ কিছু বেড়ে যাবে।
রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সরদার সাহাদাত আলী টিকিট বিক্রিতে ধীরগতির অভিযোগ অস্বীকার করেন।
চলতি কাউন্টার ও বিশেষ কাউন্টারের সমান ভিড়: সকাল ১০টার দিকে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, দুটি চলতি কাউন্টারের সামনে শতাধিক মানুষের ভিড়। এই দুই কাউন্টারে ১১ অক্টোবরের আগের বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। বেলা দুইটার দিকেও ওই দুই কাউন্টারে ভিড় দেখা গেছে।
ট্রাভেল এজেন্সির কর্মী তুহিন মিয়া জানান, দুপুর ১২টায় তিনি সারিতে দাঁড়িয়ে বেলা দুইটায়ও কাউন্টারের কাছাকাছি পৌঁছাতে পারেননি। তিনি ১০ অক্টোবর নেত্রকোনাগামী হাওর এক্সপ্রেসের টিকিট কিনবেন। শিক্ষার্থী মঞ্জুর মোরশেদ জানান, চিত্রা ট্রেনের ৪ অক্টোবরের টিকিটের জন্য তিনি দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন।
অগ্রিম টিকিটের কাউন্টারগুলো বেলা ১১টার মধ্যেই প্রায় ফাঁকা হয়ে যায়। নারীদের জন্য চালু করা কাউন্টারটিতে বেলা একটায়ও ৫০-৬০ জনকে দেখা গেছে। তাঁদের একজন গৃহিণী সুরমা বেগম বলেন, ১১ অক্টোবরের সিলেটগামী যেকোনো ট্রেনের টিকিট পেলেই চলবে।
সকাল নয়টার দিকে পুরুষদের জন্য টিকিট কাউন্টারগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। অনেকে জানিয়েছেন, সাধারণ শ্রেণীর টিকিট চাহিদামতো পেয়েছেন।
চট্টগ্রামের ১১ অক্টোবরের তূর্ণা নিশীথার টিকিট নিতে আসা জাহিদ হোসেন বলেন, ফজরের নামাজের পর লাইনে দাঁড়িয়েছিলেন। তারপরও এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার) টিকিট পাননি।
রেলের কর্মকর্তারা জানান, অনলাইন, মুঠোফোন, ভিআইপি ও রেলওয়ের কর্মচারী—এই কয়েকটি ভাগে প্রায় ৪০ শতাংশ টিকিট সংরক্ষণ করা হয়। ভিআইপি কোটার জন্য বেশির ভাগই এসি ও উচ্চ শ্রেণীর আসনের টিকিট সংরক্ষণ করা হয়। এ জন্য সাধারণ যাত্রীরা এই দুই শ্রেণীর আসনের টিকিট চাহিদা অনুযায়ী পান না।