এবার ১০টি কলেজের পছন্দক্রম দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কাজ হবে অনলাইনে। এবার ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী এক আবেদনেই ১০টি কলেজের পছন্দক্রম দিতে পারবে। গতবার পাঁচটি কলেজে পছন্দক্রম দেওয়ার সুযোগ ছিল। ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত ভর্তির আবেদন করতে হবে।
গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সভার সিদ্ধান্তের কথা জানান।
গত বছর প্রথমবারের মতো তাড়াহুড়ো করে অনলাইনে ভর্তি কার্যক্রম করতে গিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল। প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো কলেজে ভর্তি হতে পারেনি। এমনও হয়েছিল, মেয়েদের কলেজে ছেলেদের মনোনয়ন বা অস্তিত্ব নেই এমন কলেজেও শিক্ষার্থীদের ভর্তির জন্য পাঠায় শিক্ষা বোর্ড। এ ছাড়া পাঁচটি কলেজে পছন্দক্রম দেওয়ায় দেখা যায়, অনেকেই এই পাঁচটির কোনোটিতেই ভর্তির জন্য মনোনীত হয়নি। ফলে সব শেষে তাকে তার অপছন্দের কোনো কলেজে ভর্তি হতে গিয়েও বিপাকে পড়তে হয়। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল।
শিক্ষামন্ত্রী বলেন, গতবারের সমস্যাগুলো চিহ্নিত করে এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারও অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে এবার ১০টি কলেজের পছন্দক্রম দেওয়া যাবে। এ জন্য বাড়তি টাকা লাগবে না। অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং খুদে বার্তার জন্য ১২০টা ফি দিতে হবে। আবেদনের পর ১৬ জুন ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে। এবার আবেদনকারী শিক্ষার্থীর ১০টি কলেজের মেধাক্রম একসঙ্গে প্রকাশ করে দেওয়া হবে। এরপর ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ছুটি থাকায় এবার ক্লাস শুরু হবে ১০ জুলাই।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যাতে কলেজের নাম-ঠিকানা নিয়ে সমস্যায় না পড়ে, সে জন্য বোর্ডের ওয়েবসাইটে আগেই কলেজের নাম দেওয়া হবে।
কোনো কলেজে আসন ফাঁকা থাকলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী কলেজ পরিবর্তনের সুযোগ পাবে। মন্ত্রী বলেন, কলেজে আসন নিয়ে কোনো সংকট নেই। তবে ভালো কলেজে আসনের সমস্যা থাকবেই।
নীতিমালা অনুযায়ী, এবার প্রথমবারের মতো প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে আসা শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ করে কোটা থাকবে। এ ক্ষেত্রে কোটার চেয়ে আবেদন বেশি হলে আবেদনকারীদের মধ্যে যাদের এসএসসির ফল ভালো থাকবে, তারাই নির্ধারিত কোটায় ভর্তির সুযোগ পাবে।
এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ভর্তি কার্যক্রম চলবে। সভায় বুয়েটের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটের বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এবার সমস্যা হবে না।
একাদশ শ্রেণিতে ভর্তি করা হয় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফল অনুযায়ী। আগামীকাল বুধবার এসএসসির ফল প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিছু কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করে থাকে, এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আশা করছি, সবাই এই সিদ্ধান্ত মানবেন।’
সভায় শিক্ষাসচিব সোহরাব হোসাইনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।