এবার ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করার পর এবার তাঁদের বিরুদ্ধেই হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় করা এই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ শিক্ষার্থীকে।
এই মামলা প্রত্যাহারসহ অন্যান্য দাবি আদায় এবং পুলিশের ‘হামলার’ প্রতিবাদে আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে বৃহস্পতিবার পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমান জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তাঁদের লাঠিপেটাও করা হয়। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে শাহবাগ থানাহাজতে রাখা হয়। গতকাল তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাজহারুল ইসলাম বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, ‘সাতটি কলেজের ১ হাজার থেকে ১ হাজার ২০০ শিক্ষার্থী সাত দফা দাবিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে জাদুঘরের সামনে রাস্তা বন্ধ করে স্লোগান দিতে থাকেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে যাওয়ার অনুরোধ করলে তাঁরা পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিতে থাকেন। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা শাহবাগের পশ্চিম পাশের রাস্তা (শাহবাগ থেকে কাঁটাবনমুখী) যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা পিজি ও বারডেম হাসপাতালে আসা রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেন। পুলিশ রাস্তা ছাড়ার অনুরোধ করলে তাঁরা হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর উপর্যুপরি ইটপাটকেল ও ফুলের টব নিক্ষেপ করেন।’
এজাহারে শিক্ষার্থী আহত হওয়ার বিষয়ে বলা হয়েছে, মিছিলকারীদের ছোড়া ফুলের টবের আঘাতে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের (২৩) দুই চোখ জখমপ্রাপ্ত হয়।
তবে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শ দেড়েক শিক্ষার্থী যখন ব্যানার নিয়ে শাহবাগ থেকে কাঁটাবনমুখী সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন, তখন পুলিশের সদস্যরা গিয়ে তাঁদের ব্যানার কেড়ে নেন। এক পুলিশ সদস্য দৌড়ে এসে খুব কাছ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। এরপরই পাঞ্জাবি পরা সিদ্দিকুর রহমান মাটিতে পড়ে যান।
জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা উপর্যুপরি ঢিল মারার কারণেই পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছিল। ভিডিও ফুটেজের দৃশ্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সবই দেখেছেন তাহলে আর জানতে চাইছেন কেন। ওরা (শিক্ষার্থীরা) ফিরে এসে পুলিশের ওপর ঢিল ও টব ছুড়ে মারে।’ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর সিদ্দিকুরের আহত হওয়ার বিষয়ে জানতে চাইল তিনি ফোন কেটে দেন।
সিদ্দিকুরের দুই চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে
আহত সিদ্দিকুর রহমানের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার ঢাকেরকান্দা গ্রামে। তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল সন্ধ্যায় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, লুঙ্গি ও গেঞ্জি পরে সিদ্দিকুর শুয়ে আছেন। দুই চোখে ব্যান্ডেজ। তাঁকে ঘিরে আছেন সহপাঠীরা। তাঁরা বলেন, সিদ্দিকুরের পরিবার খুব অনটনের মধ্যে আছে। তাই তাঁরা চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছেন।
ছেলের আহত হওয়ার খবর শুনে গতকাল দুপুরে বাড়ি থেকে ঢাকা এসেছেন তাঁর মা সুলেমা খাতুন। প্রথম আলোকে তিনি বলেন, সিদ্দিকুরকে তিন বছরের শিশু রেখে তাঁর বাবা মারা যান। এরপর তিনিই নিজের ও মানুষের কৃষি খেতে কাজ করে সন্তানদের বড় করেছেন। বড় ভাই নায়েব আলী রডমিস্ত্রির কাজ করে সিদ্দিকুরের কলেজ পর্যন্ত পড়ার খরচ চালিয়েছেন। দুই বছর ধরে সিদ্দিকুর পড়ার পাশাপাশি পাঞ্জাবির ব্যবসা করতেন। তা দিয়ে নিজে চলতেন, পরিবারকেও টাকা দিতেন।
সিদ্দিকুর চিকিৎসাধীন রয়েছেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ইফতেখার মনিরের অধীনে। তিনি প্রথম আলোকে বলেন, ভোঁতা কিছুর আঘাতে সিদ্দিকুরের দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আলো দেখতে পাচ্ছেন না। তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, চোখের পাতা ফুলে থাকার কারণে চোখে অস্ত্রোপচার করা যাচ্ছে না। ফোলা কমলেই অস্ত্রোপচার করা হবে।
প্রতিবাদ কর্মসূচি
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। লিখিত বক্তব্যে তিতুমীর কলেজের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ বিভিন্ন দাবি জানান। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি হামলার বিচার ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন, মামলা প্রত্যাহার, অবিলম্বে পরীক্ষার রুটিন প্রকাশ।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বিকেলে সমাবেশ ছাড়াও এ সময় অধিভুক্ত কলেজগুলোতে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শাহিন হোসেন, ইডেন মহিলা কলেজের হাজেরা খাতুন, সরকারি বাঙলা কলেজের সৈকত আমীন, কবি নজরুল সরকারি কলেজের মো. আসাদুজ্জামান নূর ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে ওই হামলার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।