এবার ২৯ হাজার ৩৯৫ মণ্ডপে পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে এবারের শারদীয় দুর্গোৎসবে গতবারের তুলনায় ৩০০টির বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের প্রাথমিক হিসাব অনুসারে এই সংখ্যা ২৯ হাজার ৩৯৫।

গতকাল শুক্রবার পূজা উদ্‌যাপন পরিষদের এক বর্ধিত সভায় এ কথা বলা হয়। আগামী ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের দুর্গোৎসব।

সভায় বক্তারা দেশের বিদ্যমান পরিস্থিতিতে মণ্ডপের সংখ্যা বৃদ্ধির বিষয়টিকে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেন। তাঁরা উৎসবের আঙ্গিকে দুর্গোৎসব উদ্‌যাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান। পূজা আয়োজনে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও সভায় উল্লেখ করা হয়। তবে দেশের কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

সভায় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও পূজার সময় গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও সড়কে আলোকসজ্জার দাবি জানানো হয়।

পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, রাজধানীতে ২২৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, সাংসদ পংকজ নাথ, পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রমুখ। বিজ্ঞপ্তি।