এবার ৫৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন ১০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ নির্বাচন (স্টুডেন্টস কাউন্সিল)। এবার নতুন করে আরও ৪৮৪টি বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শিশুকাল থেকে গণতন্ত্রচর্চার অভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন উদ্দেশ্যে গত বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি উপজেলার বাছাই করা ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার ওই সংখ্যা বেড়ে হবে ৫৮৪টি।গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন বিষয়ে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় এসব তথ্য জানানো হয়।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো.্রনজরুল ইসলাম খান বলেন, ছাত্র পরিষদ নির্বাচনের বিষয়ে গত বছর শিশুদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবদুর রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বিনিয়োগ বোর্ডের পরিচালক মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফসিউল্লাহ প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা, ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।কর্মশালায় রংপুর জেলার খাসবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াখালী জেলার কিসমত করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত স্টুডেন্টস কাউন্সিলের প্রতিনিধিরা এক বছরের কর্মকাণ্ড তুলে ধরে। পরিষদ গঠন ও কাজ: নিয়মানুযায়ী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ নির্বাচনে প্রার্থী ও ভোটার হতে পারবে। এই তিনটি শ্রেণী থেকে কমপক্ষে দুজন করে প্রতিনিধি নিয়ে সাত সদস্যের ছাত্র পরিষদ (স্টুডেন্ট কাউন্সিল) গঠিত হবে। মেয়াদ হবে এক বছর। তবে প্রতিটি শ্রেণী থেকে দুজন করে সহযোগী প্রতিনিধি মনোনীত করা যাবে। এসব প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা করবে।পরিষদ বিদ্যালয়ের সাতটি প্রধান কাজ তদারক করবে। সেগুলো হলো: পরিবেশ, বই ও শিখনসামগ্রীর অবস্থা পর্যবেক্ষণ, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, পানিসম্পদ, দুপুরের খাবার এবং অভ্যর্থনা ও আপ্যায়নের ব্যবস্থা। এই সাতটি বিষয়ে একেকটির জন্য একজন সদস্য কাজ করবেন। পরিষদ মাসে অন্তত একটি সভা করবে। ছয় মাস অন্তর সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাধারণ সভা করতে হবে।