এবার ৮ মঞ্চে হবে জোটের বিজয় উৎসব
বুধবার থেকে শুরু হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব। রাজধানীর নানা প্রান্তের আটটি মঞ্চে অনুষ্ঠিত হবে এ উৎসবের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। এবারের উৎসব স্লোগান ঠিক করা হয়েছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে: ‘৭ই মার্চ মুক্তি ও স্বাধীনতার ডাক বাংলার ঘরে ঘরে/ ৭ই মার্চ সম্পদ আজ বিশ্বমানবের তরে’। জোটের অন্তর্ভুক্ত ২০০ সাংস্কৃতিক সংগঠনের প্রায় তিন হাজার শিল্পী নানা পরিবেশনায় রাঙিয়ে তুলবেন উৎসব। থাকবে নৃত্য-গীত, কবিতা আবৃত্তি, পথনাটকের উপস্থাপনা ও চলচ্চিত্র প্রদর্শনী।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এবারের বিজয় উৎসবের বিস্তারিত তথ্য। উৎসবের বিস্তারিত তথ্য পড়ে শোনান জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ ছাড়া উত্সব নিয়ে কথা বলেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের উদ্বোধন হবে। উৎসব উদ্বোধন করবেন স্বাধীনতাসংগ্রামসহ বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন ও সংস্কৃতির স্রোতোধারাকে এগিয়ে নেওয়া অগ্রণী নারী শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার, চিত্রশিল্পী রোকেয়া সুলতানা, আবৃত্তিশিল্পী কাজী মদিনা, নৃত্যশিল্পী লায়লা হাসান প্রমুখ।
১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শহীদ মিনারে চলবে এ উত্সব। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় শহীদ মিনার থেকে বের হবে বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। ১৪ ডিসেম্বর থেকে শহীদ মিনারের পাশাপাশি রাজধানীর আরও সাতটি মঞ্চে ছড়িয়ে যাবে বিজয় উৎসবের অভিযাত্রা। আলোচনার সঙ্গে নাচ-গান, পথনাটক ও চলচ্চিত্র প্রদর্শনীতে সজ্জিত সেই সাতটি মঞ্চের পরিবেশনা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। প্রয়াত বিশিষ্টজনদের নামাঙ্কিতসহ এই সাতটি মঞ্চ হলো ধানমন্ডির রবীন্দ্র সরোবরের নায়করাজ রাজ্জাক ও আবৃত্তিশিল্পী কাজী মঞ্চ, দনিয়ার আবদুল জব্বার ও বারী সিদ্দিকী মঞ্চ, উত্তরার রবীন্দ্র সরণি আনিসুল হক মঞ্চ, মিরপুরের ৬ নম্বর সেকশনের মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা মঞ্চ ও অপু আনাম চলচ্চিত্র মঞ্চ, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চ ও বাহাদুর শাহ পার্ক মঞ্চ।