এবার ৮ ‘জলদস্যুর’ চোখ খুঁচিয়ে নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এবার জলদস্যু সন্দেহে নয়জনকে বেদম পিটিয়ে আটজনের চোখ খুঁচিয়ে নষ্ট করেছেন ক্ষুব্ধ জেলেরা। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।এর আগের দিন মঙ্গলবার চরফ্যাশনের ভাসানচরে জলদস্যুদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের পর পাঁচ জলদস্যুকে পিটিয়ে হত্যা করে জেলেরা। পুলিশ আটক করে তিন জলদস্যুকে। উদ্ধার করে বিপুলসংখ্যক অস্ত্র। ওই ঘটনায় হত্যা, দস্যুতা ও অস্ত্র আইনে চরফ্যাশন থানায় তিনটি মামলা করেছে পুলিশ। এতে আটক তিন জলদস্যুসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিন জলদস্যুকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে নিহত পাঁচ জলদস্যুর লাশ গতকাল ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।চরফ্যাশনের ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী ও জেলেরা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার ভাসানচরের গহিন জঙ্গলে পালিয়ে যাওয়া জলদস্যুদের খোঁজ পেয়ে গতকাল বেলা ১১টার দিকে সেখানে হানা দেন ক্ষুব্ধ জেলেরা। তাঁরা জলদস্যু সন্দেহে চারজনকে পিটিয়ে চোখ খুঁচিয়ে নষ্ট করেন।খবর পেয়ে পুলিশ গিয়ে আধমরা অবস্থায় চারজনকে উদ্ধার করে। বিকেল পাঁচটার দিকে তাঁদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করানো হয়। চরফ্যাশন উপজেলার ঢালচর পুলিশ ফাঁড়ির নায়েক মাহবুবুর রহমান বলেন, সন্দেহভাজন জলদস্যুদের অবস্থা এতটাই সংকটাপন্ন যে পুলিশ তাঁদের নাম-পরিচয়ও জানতে পারেনি।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গতকাল সকাল আটটার দিকে মনপুরা উপজেলার চর কালকিনির জঙ্গলে জেলেরা জলদস্যু সন্দেহে পাঁচজনকে আটক করেন। ধারণা করা হচ্ছে, তারা ভাসানচরের জঙ্গল থেকে পালিয়ে আসা জলদস্যু। মঙ্গলবার পুলিশ ও জেলেদের অভিযানের পর রাতে জঙ্গলে লুকিয়ে ছিল।ওসি মিজানুর বলেন, জেলেরা কবির, রাসেল, শাজাহান ও বেলাল নামের চারজনকে বেধড়ক পিটিয়ে চোখ নষ্ট করে দেন। মহিউদ্দিন নামের একজনকে পেটালেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোয় তাঁর চোখ নষ্ট করতে পারেনি।