
তখন ঘড়ির তেমন প্রচলন ছিল না। সূর্যের আলোর গতিবিধি ঠাহর করে সময় নির্ধারণ চলত। সেই সময়ই সিলেটে নির্মিত হয় সুদৃশ্য ‘আলী আমজাদের ঘড়ি’। ঐতিহ্যের সেই ঘড়িঘর ১৪০ বছরে পা রাখল এ বছর। এবার নতুনভাবে পৃথক আরেকটি স্থানে ‘টাইম টাওয়ার’ স্থাপনের কাজ চলছে। ঘড়িঘরের ঐতিহ্যের ধারায় পথচলতি মানুষকে এক পলকে বাংলাদেশসহ তিনটি দেশের সময় জানানোই এর উদ্দেশ্য।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানায়, নগরের গুরুত্বপূর্ণ বন্দরবাজার এলাকার হকার পয়েন্টে ২৯ ফুট উচ্চতাবিশিষ্ট ‘টাইম টাওয়ার’ অর্থাৎ ঘড়িটি নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। টাওয়ার মাটির ওপরে থাকবে ২১ ফুট এবং মাটির নিচে থাকবে আট ফুট। সিলেটের আর্টসাইন প্রাইভেট লিমিটেডের আর্থিক পৃষ্ঠপোষকতায় আট লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ আগামী আগস্ট মাসের শেষ দিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
টাইম টাওয়ার হবে ত্রিভুজাকৃতির। ৪৪ ফুট লম্বা ভূমিতে দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হবে। নকশা তৈরি করেছেন মো. এহতেশাম আলী। টাওয়ারের মধ্যে সম্মুখ, ডান ও বাঁ দিকের অংশে মোট তিনটি ঘড়ি থাকবে। তিনটিতেই বাংলাদেশ, যুক্তরাজ্য ও সৌদি আরবের সময় দেখতে পাবেন নগরবাসী। রাতেও দেখার জন্য পুরো স্থানটি আলোকসজ্জা করে রাখা হবে। যুক্তরাজ্য তথা লন্ডন ও সৌদি আরবে সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী থাকায় স্থানীয় মানুষের সুবিধার বিষয়টি নিশ্চিত করতেই বাংলাদেশের সঙ্গে তিন দেশের সময় নির্দেশকের ব্যবস্থা টাওয়ারে রাখা হচ্ছে।
টাওয়ার স্থাপন এলাকায় গিয়ে দেখা গেছে, ত্রিভুজাকৃতির জায়গার পশ্চিম দিকের ঠিক মাঝখানে ২১ ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্থে ঘড়ির স্তম্ভ নির্মাণের কাজ চলছে। মাটির আট ফুট গভীরে মূল কাঠামো তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নির্মাণকাজে আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান ‘আর্ট সাইন’-এর বিপণন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দৃষ্টিনন্দন নগর গড়তে মেয়রের নানামুখী উদ্যোগের সঙ্গে একাত্ম হতে সামাজিক দায়বদ্ধতা থেকে টাওয়ারটি নির্মাণে সহায়তা করা হচ্ছে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, নগরের সৌন্দর্যবর্ধনের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দৃষ্টিনন্দন ফোয়ারা ও স্থাপত্য নির্মাণের কাজ শুরু হয়েছে। আর্ট সাইন কর্তৃপক্ষ ‘টাইম টাওয়ার’ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি অভিনব হওয়ায় প্রতিষ্ঠানটির সহযোগিতায় এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধানে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে।
ঐতিহ্যের ধারায় এ উদ্যোগকে স্বাগত জানান, বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। প্রথম আলোকে তিনি বলেন, নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা পরিকল্পনা অবশ্যই প্রশংসাযোগ্য। টাইম টাওয়ার নির্মাণের বিষয়টিও ভালো উদ্যোগ। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে—এ কাজ সম্পন্নে সিলেটের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির বিষয়টি যেন মূল বিবেচ্য হয়।